এবারের নির্বাচন দেশ রক্ষার নির্বাচন: প্রধান উপদেষ্টা

জাতীয়
এবারের নির্বাচন দেশ রক্ষার নির্বাচন: প্রধান উপদেষ্টা
নিউজ ডেস্ক
১৭ নভেম্বর ২০২৫

প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস সোমবার (১৭ নভেম্বর) জেলা প্রশাসকদের সততা, নিরপেক্ষতা ও দায়িত্বপূর্ণ ভূমিকা পালন নিশ্চিত করার নির্দেশনা দিয়েছেন। তিনি বলেন, আগামী নির্বাচন গণভোটসহ হওয়ায় এটি সাধারণ নির্বাচন নয়, বরং এটি দেশ রক্ষার নির্বাচন।

প্রধান উপদেষ্টা তার কার্যালয়ে সদ্য পদায়নকৃত ৫০ জেলা প্রশাসক এবং ৬৪ জেলার প্রশাসকদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে বলেন, “আগামী নির্বাচন শুধু সরকারের জন্য নয়; গণভোট যুক্ত হওয়ায় এটি আরও তাৎপর্যপূর্ণ। এটি গণঅভ্যুত্থান-পরবর্তী নির্বাচন, যা জাতির জন্য নির্ধারণ করবে শতাব্দীর গতিপথ।”

তিনি আরও বলেন, জেলা প্রশাসকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। “কোনোভাবেই ব্যর্থ হওয়ার সুযোগ নেই। এই নির্বাচনের মাধ্যমে জাতি নতুনভাবে আত্মপ্রকাশ করবে, এবং জেলা প্রশাসকরা থাকবেন ধাত্রীর ভূমিকায়।”

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

প্রধান উপদেষ্টা নির্বাচনের বৈশিষ্ট্য তুলে ধরে বলেন, বিপুলসংখ্যক তরুণ ও নারী ভোটার রয়েছেন, যারা গত ১৫ বছর ধরে ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি। তাই নির্বাচনের সময় তাদের অংশগ্রহণ নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি জানান, আন্তর্জাতিক পর্যবেক্ষকরা ইতিমধ্যেই নির্বাচনের প্রতি গভীর আগ্রহ দেখাচ্ছেন এবং এটি সফল করতে জেলা প্রশাসকদের সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান।

সভায় মন্ত্রিপরিষদ বিভাগের সচিব শেখ আব্দুর রশীদ সঞ্চালনা করেন। এছাড়া উপস্থিত ছিলেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ, স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী, গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান এবং আইন উপদেষ্টা প্রফেসর আসিফ নজরুল।

মাঠ প্রশাসনের পক্ষে বক্তব্য রাখেন ঢাকার বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী, টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক এবং বগুড়ার জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান।