হাসিনার বিচার স্বচ্ছ হয়েছে, প্রশ্ন তোলার সুযোগ নেই: জামায়াত
বাংলাদেশ জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার সোমবার রাজধানীর মগবাজারে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের প্রশংসা করেছেন। তিনি বলেন, রায় স্বচ্ছ, নিরপেক্ষ এবং আন্তর্জাতিক মানের হয়েছে। এ বিচারের ব্যাপারে কোনো প্রশ্ন তোলার সুযোগ কারও নেই।
মিয়া গোলাম পরওয়ার বলেন, “আংশিক হলেও এই রায়ের মধ্য দিয়ে জাতির কিছু আশা পূর্ণ হয়েছে। রায়ের সময় প্রকাশিত প্রমাণ, সাক্ষী বিবৃতি, অডিও-ভিডিও তথ্য এবং টেলিফোনিক কনভারসেশনগুলোতে অপরাধীদের নিষ্ঠুরতা ও প্রতিহিংসামূলক আচরণ স্পষ্টভাবে ফুটে উঠেছে।”
তিনি আরও উল্লেখ করেন, “আগে মানবতাবিরোধী অপরাধের নামে জামায়াত নেতাদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে যে বিচার অনুষ্ঠিত হয়েছিল, তা আন্তর্জাতিক মানদণ্ডে যথাযথ ছিল না। কিন্তু বর্তমানে প্রমাণ-ভিত্তিক বিচার প্রক্রিয়া শুরু হওয়ায় একটি ইতিবাচক দৃষ্টান্ত তৈরি হয়েছে।”
তবে তিনি সতর্ক করে বলেন, “এটি কেবল প্রথম রায়। যারা নির্যাতন ও হত্যার শিকার হয়েছেন, তাদের জন্য সম্পূর্ণ ও নিরপেক্ষ বিচার প্রক্রিয়া এখনো বাকি। পিলখানা, শাপলা চত্বরসহ বিভিন্ন ঘটনা এখনো বিচারাধীন। আমরা আশা করি, আগামী রায়গুলোও আন্তর্জাতিক মান অনুসারে হবে।”
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ, এহসানুল মাহবুব জুবায়ের ও এটিএম মা’ছুম।


