বিএনপির মতো অন্য কোনো দল মুক্তিযুদ্ধকে ধারণ করে না: শামা ওবায়েদ

রাজনীতি
বিএনপির মতো অন্য কোনো দল মুক্তিযুদ্ধকে ধারণ করে না: শামা ওবায়েদ
নিউজ ডেস্ক
১৯ নভেম্বর ২০২৫

বিএনপি অন্য যেকোনো রাজনৈতিক দলের তুলনায় মুক্তিযুদ্ধের চেতনাকে গভীরভাবে ধারণ করে বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ প্রজন্ম দলের সভাপতি ও বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। তিনি দাবি করেন, মুক্তিযুদ্ধের আদর্শ ও মূল্যবোধকে ধরে রাখার ক্ষেত্রে বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলো বিশেষ ভূমিকা পালন করে যাচ্ছে।

বুধবার (১৯ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে আয়োজিত বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের বর্ধিত সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব বলেন।

শামা ওবায়েদ জানান, দেশের মোট ভোটারের প্রায় ৪০ শতাংশই তরুণ—যাদের বয়স ৩০ বছরের নিচে। এই বিশাল জনগোষ্ঠীর কাছে পৌঁছানোর গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হতে পারে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম। তিনি বলেন, “আমরা যদি তরুণদের সঙ্গে যুক্ত হতে পারি, তাহলে নতুন বাংলাদেশ নির্মাণে তা বড় ভূমিকা রাখবে।”

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

সংগঠনের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ প্রজন্ম সবসময় নিজস্বতা বজায় রেখে কাজ করেছে, যার জন্য জেলা ও উপজেলা পর্যায়ে সংগঠনটি স্বাধীনভাবে কার্যক্রম পরিচালনা করতে সক্ষম হয়েছে। তিনি এই ধারাবাহিকতা ধরে রাখার আহ্বান জানান।

দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে সংগঠনের অবস্থান স্পষ্ট উল্লেখ করে শামা ওবায়েদ বলেন, জাতীয় ইস্যুতে আঘাত এলে মুক্তিযুদ্ধের প্রজন্ম দল সবসময় সোচ্চার থেকেছে। জনগণের পাশে দাঁড়িয়ে দেশের উন্নয়ন ও মানুষের ভাগ্য বদলের জন্য কাজ করার আহ্বান জানান তিনি।

সভায় আরও উপস্থিত ছিলেন ঢাকার দক্ষিণ ও উত্তরের নেতৃবৃন্দ—সাইফুল ইসলাম, ওবায়দুর রহমান অটলসহ সংগঠনের অন্যান্য নেতারা।