আমতলীতে বিদ্যালয়ে শিক্ষার্থী কম, ২টার পর বন্ধ-ব্যবস্থা নিতে মাঠে ইউএনও

দেশজুড়ে
আমতলীতে বিদ্যালয়ে শিক্ষার্থী কম, ২টার পর বন্ধ-ব্যবস্থা নিতে মাঠে ইউএনও

বরগুনার আমতলী উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি কম এবং দুপুর ২টার পরই বিদ্যালয় বন্ধ হয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি নজরে আসার পর কয়েকটি বিদ্যালয়ে ঝটিকা সফর করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান মোঃ হাফিজুর রহমান। এ সময় শিক্ষার্থীদের উপস্থিতি কম থাকায় শিক্ষকদের কাছে কারণ জানতে চান এবং অভিভাবকদের নোটিশ পাঠানোর বিষয়েও উদ্যোগ নেওয়ার কথা জানান তিনি।

সোমবার (২ নভেম্বর) আমতলী পৌর এলাকার কয়েকটি মাধ্যমিক বিদ্যালয়ে আকস্মিক পরিদর্শন করেন ইউএনও।
পরিদর্শনকালে আমতলী সরকারি আরমান খোরশেদ (একে) মডেল পাইলট হাই স্কুলের সপ্তম শ্রেণিতে ৬৯ জন শিক্ষার্থীর মধ্যে উপস্থিত পাওয়া যায় মাত্র ৮ জনকে। বিপুলসংখ্যক শিক্ষার্থী অনুপস্থিত থাকায় এ বিষয়ে শিক্ষকদের কাছে কারণ জানতে চান তিনি। একই সঙ্গে শিক্ষার্থীরা নিয়মিত বিদ্যালয়ে না আসার কারণ অনুসন্ধানে অভিভাবকদের নোটিশ পাঠানোর বিষয়টিও সামনে আনেন।

এ সময় আমতলী উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ সেলিম মাহমুদকেও তাঁর দায়িত্ব ও কর্তব্য পালনের বিষয়টি স্মরণ করিয়ে দেন ইউএনও। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর পাঠদান কার্যক্রম, শিক্ষার্থীদের উপস্থিতি এবং সার্বিক পরিস্থিতির নিয়মিত খোঁজখবর রাখার নির্দেশনা দেন তিনি।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এ ছাড়া বিভিন্ন বিদ্যালয়ে দুপুর ২টার পরই পাঠদান বন্ধ হয়ে যাওয়ার বিষয়টি নিয়েও শিক্ষকদের সতর্ক করেন ইউএনও। নির্ধারিত সময় পর্যন্ত বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম চালু রাখা এবং শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করার নির্দেশনা দেন তিনি।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মোঃ হাফিজুর রহমান আরটিভিকে বলেন, এ ধরনের ঝটিকা পরিদর্শন অব্যাহত থাকবে। দায়িত্ব পালনে কোনো শিক্ষক অবহেলা করলে তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি অনিয়মের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট বিদ্যালয়ের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করা হবে।

শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদানের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা, শিক্ষকদের দায়িত্বশীলতা বাড়ানো এবং শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতেই প্রশাসনের এ উদ্যোগ।