বুনিয়াদি প্রশিক্ষণ শেষের দিনেই তিন সহকারী কমিশনার চাকরিচ্যুত
জনপ্রশাসন মন্ত্রণালয় তিনজন সহকারী কমিশনারকে সরকারি চাকরি থেকে সরাসরি অপসারণ করেছে। বুধবার (১৯ নভেম্বর) মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এহছানুল হকের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাদের চাকরিচ্যুতির আদেশ জারি হয়।
চাকরিচ্যুত তিন কর্মকর্তা হলেন অনুপ কুমার বিশ্বাস (বগুড়া),নবমিতা সরকার (পিরোজপুর),কাজী আরিফুর রহমান (ফরিদপুর)।
তারা তিনজনই নিজ নিজ কর্মস্থলে সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছিলেন এবং একই সঙ্গে বুনিয়াদি প্রশিক্ষণে অংশ নিচ্ছিলেন।
প্রজ্ঞাপনে জানানো হয়, বাংলাদেশ সিভিল সার্ভিস নিয়োগ বিধিমালা, ১৯৮১-এর বিধি ৬(২)(এ) অনুযায়ী তাদের চাকরি থেকে সরাসরি অপসারণ করা হয়েছে।
এ ছাড়া চাকরিজীবনে সরকারের প্রতি তাদের কোনো আর্থিক দায় থাকলে পাবলিক ডিমান্ড রিকভারি অ্যাক্ট, ১৯১৩ অনুযায়ী তা আদায়ের নির্দেশও দেওয়া হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সূত্র জানায়, বুধবারই তিন কর্মকর্তার বুনিয়াদি প্রশিক্ষণ শেষ হয়। প্রশিক্ষণ সমাপ্তির দিনই তাদের চাকরিচ্যুতির সিদ্ধান্ত কার্যকর করা হয়।
তবে চাকরিচ্যুতির সুনির্দিষ্ট কারণ প্রজ্ঞাপনে উল্লেখ নেই।
বিধি অনুযায়ী, শিক্ষানবিশ বা প্রশিক্ষণকালীন সময়ে কোনো কর্মকর্তা সংশ্লিষ্ট চাকরির জন্য অযোগ্য বিবেচিত হলে সরকার চাইলে পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) সঙ্গে পরামর্শ ছাড়াই তার নিয়োগ বাতিল করতে পারে।


