যুক্তরাষ্ট্রে খেলনা রপ্তানি শুরু, বৈশ্বিক বাজারে নতুন অধ্যায় লিখছে আরএফএল
দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী আরএফএল গ্রুপ এবার খেলনা রপ্তানির নতুন গন্তব্য হিসেবে যুক্তরাষ্ট্রকে যুক্ত করেছে। নরসিংদীর পলাশে অবস্থিত আরএফএলের নিজস্ব কারখানা থেকে প্রথম চালানটি সম্প্রতি যুক্তরাষ্ট্রের উদ্দেশে পাঠানো হয়। এর মধ্য দিয়ে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের খেলনা শিল্প আরও এক ধাপ এগিয়ে গেল বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বর্তমানে কানাডা, ইতালি, সৌদি আরব, ভারত ও নেপালসহ বিশ্বে মোট ১০টি দেশে আরএফএলের খেলনা রপ্তানি হচ্ছে। নতুন গন্তব্য যুক্তরাষ্ট্রকে প্রতিষ্ঠানটির জন্য বড় মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।
প্রাণ–আরএফএল গ্রুপের বিপণন পরিচালক কামরুজ্জামান কামাল বলেন, “আমরা শুরু থেকেই স্থানীয় বাজারের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও নিজেদের অবস্থান শক্ত করতে কাজ করছি। যুক্তরাষ্ট্রে রপ্তানি শুরু হওয়া আমাদের জন্য উল্লেখযোগ্য অগ্রগতি। আন্তর্জাতিক মানদণ্ডে উৎপাদিত হওয়ায় আমাদের খেলনা শিশুদের জন্য নিরাপদ এবং বিদেশি ক্রেতাদের আস্থা অর্জন করতে পেরেছে।”
তিনি আরও বলেন, “শুধু রপ্তানি বাড়ানোই নয়, আমাদের লক্ষ্য বাংলাদেশের খেলনা শিল্পকে বৈশ্বিকভাবে নতুন পরিচিতি এনে দেওয়া। আগে দেশের বাজার ছিল আমদানি-নির্ভর, এখন আমরা নিজেরাই এই খাতে স্বয়ংসম্পূর্ণতার দিকে এগোচ্ছি। যুক্তরাষ্ট্রের বাজারে ‘বেবি স্পোর্টস’ ক্যাটাগরির খেলনা রপ্তানি দিয়ে যাত্রা শুরু হয়েছে। আগামীতে আরও নতুন দেশ আমাদের রপ্তানি তালিকায় যুক্ত হবে।”
আরএফএল গ্রুপ ২০১৫ সালে খেলনা উৎপাদন শুরু করে। বর্তমানে প্রতিষ্ঠানটি ‘প্লেটাইম’ ব্র্যান্ডের অধীনে এডুকেশনাল টয়, রিচার্জেবল কার, ট্রাইসাইকেল, রকার, স্লাইডার ও বেবি স্পোর্টসসহ বিভিন্ন ধরনের খেলনা বাজারজাত করছে।


