যারা বেহেশতের টিকিট বিক্রি করে ভোট চায়, জাতি তাদের ক্ষমা করবে না: ফারুক
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক বলেছেন, “আজ ফ্যাসিস্ট বিদায় নিয়েছে। তবে তার প্রেতাত্মারা আগামী নির্বাচনের ফলাফলকে ব্যাহত করার জন্য ৭১-এর বিরোধীচক্রের সঙ্গে মিলে নতুন ষড়যন্ত্র করছে।” তিনি বলেন, যারা মসজিদ-মন্দিরে গিয়ে ভোটের জন্য বেহেশতের টিকিট বিক্রি করে, তাদের ৭১-এর অপরাধ জাতি কখনোই ক্ষমা করবে না।
শনিবার (২২ নভেম্বর) দুপুরে রাজধানীর শহীদ মিনারে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযুদ্ধের প্রজন্ম দল আয়োজিত সমাবেশে এসব কথা বলেন ফারুক। তিনি আরও বলেন, যারা স্বাধীনতার মর্ম বোঝে না, যারা ৭১ সালের মুক্তিযুদ্ধের সময়ে রাজাকার-আলবদরদের হাতে শিশু ও নিরীহ মানুষ হত্যায় লিপ্ত ছিল, তারা আজ নতুন করে বাংলাদেশপ্রেমী হওয়ার অভিনয় করতে পারে, কিন্তু তা গ্রহণযোগ্য নয়।
জামায়াতের উদ্দেশে তিনি বলেন, “গণভোটের কথা বলার বা বিরোধী নেতা দাবির পরিবর্তে নির্বাচনে অংশ নিন। তবে ঘোলা পানিতে মাছ শিকার করার মনোভাব থেকে বিরত থাকুন।”
ফারুক আরও উল্লেখ করেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্পষ্ট জানিয়েছেন, এই দেশে আর মরা মানুষের ভোট হবে না, দশটা হুন্ডা-দশটা গুন্ডার নির্বাচন হবে না। “অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচন হবে,” যোগ করেন তিনি।
সমাবেশে তিনি দলের নেতাকর্মীদের ধানের শীষ প্রতীকধারী প্রার্থীর পক্ষে গ্রামে গ্রামে কাজ করার আহ্বান জানান। এছাড়া মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধ প্রজন্মের নেতারা জানান, তারা ভবিষ্যতের অগণতান্ত্রিক প্রক্রিয়ার বিরুদ্ধে পাহারাদারের ভূমিকা রাখবেন।
সমাবেশে অংশগ্রহণ করেন মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক জয়নুল আবেদিন, সাধারণ সম্পাদক সাদেক খান, সাংগঠনিক সম্পাদক লায়ন মিয়া ও মোহাম্মদ আনোয়ার প্রমুখ।


