জোট নয়, এককভাবেই নির্বাচন করবে এনসিপি: নাহিদ ইসলাম

রাজনীতি
জোট নয়, এককভাবেই নির্বাচন করবে এনসিপি: নাহিদ ইসলাম
নিউজ ডেস্ক
২৩ নভেম্বর ২০২৫

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো দলের সঙ্গে আসনভিত্তিক সমঝোতায় যাবে না জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটি ৩০০ আসনেই নিজস্ব প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম।

রোববার (২৩ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় রাজধানীর শাহবাগে শহীদ আবু সাঈদ কনভেনশন সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “ক্ষমতা বা আসনের বিনিময়ে এনসিপি কোনো রাজনৈতিক সমঝোতা করবে না। আমাদের নীতি–আদর্শের সঙ্গে সামঞ্জস্য থাকলে আলোচনা হতে পারে, কিন্তু আসনের জন্য নয়।”

নাহিদ ইসলাম বলেন, “একটি আসনও না পেলেও এনসিপি তার নীতি, আদর্শ ও লক্ষ্যের ব্যাপারে অনড় থাকবে। আমরা জনগণের কাছে স্বচ্ছ রাজনীতি উপস্থাপন করতে চাই। যেকোনো রাজনৈতিক আলোচনার বিষয়েও গণমাধ্যম ও জনগণের সামনে খোলামেলা থাকতে আমরা প্রস্তুত।”

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

তিনি জানান, দলটির নির্বাচনী কার্যক্রম স্বচ্ছতা বজায় রেখেই এগিয়ে যাচ্ছে এবং যেকোনো জোট বা সমঝোতার বিষয়ে সিদ্ধান্ত হলে তা প্রকাশ্যে জানানো হবে।

সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম জানান, সারাদেশ থেকে মনোনয়নপ্রত্যাশীরা কেন্দ্রে উপস্থিত হয়েছেন। তিনি বলেন, “আমরা দেখেছি—এনসিপির কেন্দ্রীয় কার্যালয় ও অনলাইন প্ল্যাটফর্মে প্রচুর যোগ্য ও নতুন মুখ মনোনয়ন নিচ্ছেন। আমরা শুরু থেকেই আহ্বান জানিয়েছি—শুধু এনসিপি নেতা–কর্মী নয়, যেকোনো নাগরিক মনোনয়ন নিতে পারেন।”

তার ভাষায়, এনসিপি উদীয়মান রাজনৈতিক শক্তি হিসেবে নতুন প্রজন্ম ও সাধারণ মানুষের কাছে আকর্ষণ তৈরি করেছে। এ কারণে অনেকেই প্রথমবারের মতো রাজনৈতিক অংশগ্রহণ ও নির্বাচনে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন।

নাহিদ ইসলাম আরও বলেন, “গণঅভ্যুত্থানের পর দেশজুড়ে নতুন সম্ভাবনার অনুভূতি তৈরি হয়েছে। অনেকেই আগে কখনো রাজনীতিতে যুক্ত না হলেও এবার নিজেদের পরিবর্তনের শক্তি হিসেবে দেখছেন। এনসিপি সেই স্বপ্ন ও অংশগ্রহণের প্ল্যাটফর্ম তৈরি করেছে।”