ক্ষমতায় গেলে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী ভাতা চালুর প্রতিশ্রুতি তারেক রহমানের

রাজনীতি
ক্ষমতায় গেলে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী ভাতা চালুর প্রতিশ্রুতি তারেক রহমানের
নিউজ ডেস্ক
২৩ নভেম্বর ২০২৫

আগামী জাতীয় নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠন করতে পারলে দেশের ইমাম–মুয়াজ্জিনদের জন্য বিশেষ সম্মানী ভাতা চালুর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার (৩১ নভেম্বর) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ইমাম-খতিব সম্মেলনে তিনি ভার্চুয়ালি অংশ নিয়ে এ কথা জানান।

তারেক রহমান বলেন, “ধর্মীয় নেতাদের মধ্যে বিভাজন সৃষ্টি করে সমাজে যে অস্থিরতা তৈরি করা হয়, তা কখনোই কাম্য নয়। ইসলামিক স্কলারদের যে কোনো ভিন্নমত যেন সমাজে ফিতনা সৃষ্টি না করে—এ বিষয়ে সতর্ক থাকা জরুরি।”

তিনি অভিযোগ করেন, রাজনৈতিক স্বার্থ হাসিলে অতীতে ধর্মীয় ব্যাখ্যাকে বিকৃত করা হয়েছে। বিএনপি সবসময় ইসলাম ও মুসলমানদের স্বার্থবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে অবস্থান নিয়ে এসেছে বলেও উল্লেখ করেন তিনি।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, “দেশের আধ্যাত্মিক ও সামাজিক উন্নয়নে ইমাম-মুয়াজ্জিনদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাদের জীবনমান উন্নয়নের বাইরে রেখে টেকসই উন্নয়ন সম্ভব নয়। বিএনপি ক্ষমতায় গেলে তাদের যৌক্তিক দাবি পূরণে বিশেষ কর্মসূচি গ্রহণ করা হবে।”

তারেক রহমান আরও বলেন, “দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জাতীয় ঐক্য এখন সময়ের দাবি। ইনসাফভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা গড়তে আগামী নির্বাচনে আলেম-ওলামাদের সমর্থন প্রত্যাশা করছি।”

ইমাম-খতিব সম্মেলনে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ধর্মীয় নেতৃবৃন্দ অংশ নেন। অনুষ্ঠানটিতে বিএনপি নেতারা ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন এবং ধর্মীয় শিক্ষার প্রসারে নতুন পরিকল্পনার কথাও তুলে ধরেন।