গোপালগঞ্জে এনসিপির মনোনয়ন ফরম নিলেন ৯ প্রার্থী
কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত গোপালগঞ্জ জেলার তিনটি সংসদীয় আসন থেকে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–র নয়জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এনসিপির নির্বাচন পরিচালনা কমিটি এই তথ্য নিশ্চিত করেছে।
গোপালগঞ্জ-১ আসন থেকে মনোনয়ন ফরম নিয়েছেন ইশতিয়াক আজীম, আরিফ খান, প্রলয় কুমার পাল এবং মুহাম্মদ আবুল হোসেন (আসাদ)।
গোপালগঞ্জ-২ আসনে ফরম সংগ্রহ করেছেন আরিফ শেখ, বাঁধন মিয়া, বুলবুল ইসলাম ও শেখ নাঈম আহমেদ।
এ ছাড়া গোপালগঞ্জ-৩ আসনে মনোনয়ন ফরম নিয়েছেন মো. আরিফুল দাড়িয়া।
এনসিপি জানিয়েছে, সারা দেশে মোট ১ হাজার ৪৮৪ জন মনোনয়ন ফরম কিনেছেন ৩০০টি আসন থেকে, যা দলটির নির্বাচনে ব্যাপক অংশগ্রহণের ইঙ্গিত দেয়।
“দেশ বদলাবে নতুন নেতৃত্বে”—এই স্লোগান সামনে রেখে এনসিপি মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে দুইদিনব্যাপী মতবিনিময় আয়োজন করে। রাজধানীর শাহবাগের শহীদ আবু সাঈদ কনভেনশন হলে রোববার সকাল ৯টা থেকে শুরু হওয়া এ কার্যক্রম প্রতিদিন রাত ৯টা পর্যন্ত চলছে। আজই শেষ দিন।
গত ১৬ জুলাই গোপালগঞ্জে এনসিপির সমাবেশকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থক ও এনসিপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ বাধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনী গুলি চালালে পাঁচজন নিহত হন। এ সময় পুলিশ ও সেনাবাহিনীর গাড়িতেও হামলার ঘটনা ঘটে।
হামলার পর এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেনসহ কয়েকজন নেতা পুলিশ সুপারের কার্যালয়ে আশ্রয় নেন। পরিস্থিতি সামাল দিতে জেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করে। পরে সেনা ও পুলিশের নিরাপত্তায় এনসিপি নেতারা গোপালগঞ্জ ত্যাগ করেন।


