সাত দলের নতুন নির্বাচনি জোট

জাতীয়
সাত দলের নতুন নির্বাচনি জোট
নিউজ ডেস্ক
২৫ নভেম্বর ২০২৫

জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাত দলের সমন্বয়ে নতুন একটি নির্বাচনি জোটের আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে। সবকিছু ঠিক থাকলে বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বেলা ১১টায় শাহবাগের আবু সাঈদ কনভেনশন হলে আনুষ্ঠানিকভাবে এই জোট আত্মপ্রকাশ করবে।

প্রাথমিকভাবে জোটের নামকরণ করা হয়েছে ‘গণতান্ত্রিক সংস্কার জোট’। এতে রয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), আমার বাংলাদেশ (এবি) পার্টি, গণঅধিকার পরিষদ, বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন এবং ‘আপ বাংলাদেশ’ নামের একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম। এছাড়া আরও দুটি দলের সঙ্গে আলোচনায় ইতিবাচক সাড়া মিলেছে।

জোট গঠনের সঙ্গে সংশ্লিষ্টরা জানাচ্ছেন, বিএনপি ও জামায়াতের রাজনৈতিক প্রভাব থেকে আলাদা হয়ে নতুন রাজনৈতিক বলয় গড়ে তুলতে দলের নেতারা এ উদ্যোগ নিয়েছেন। রাষ্ট্র সংস্কার ও জুলাই সনদের মতো গণতান্ত্রিক মূল্যবোধের ওপর ভিত্তি করে এ জোট গঠনের সিদ্ধান্ত হয়েছে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

নতুন জোটের নেতৃত্ব ও গঠন নিয়ে আলোচনায় থাকলেও আপাতত প্রতিটি দলের লিয়াজোঁ কমিটি গঠন করা হবে। জোটের সদস্য দলগুলোর শীর্ষ নেতারা আগামী বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে উপস্থিত থাকবেন।

বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি অ্যাডভোকেট হাসনাত কাইয়ূম জানান, গণতন্ত্র মঞ্চের সঙ্গে দীর্ঘ সময় রাজপথে সক্রিয় ভূমিকা পালন করেছে তার দল। নতুন জোটে অংশ নেওয়ার বিষয়ে গণতন্ত্র মঞ্চকে অবহিত করা হয়েছে এবং মঞ্চের দায়িত্ব বৈঠকে হস্তান্তর করা হবে।

এনসিপির যুগ্ম সদস্য সচিব মুশফিক উস সালেহীন বলেন, নতুন জোট একটি নতুন ধারার রাজনীতি করতে চায় এবং শিগগিরই আত্মপ্রকাশ ঘটবে। জোটের পরিধি আরও বাড়তে পারে, কারণ আরও কিছু দল আলোচনায় ইতিবাচক সাড়া দিয়েছে।