৪৭তম বিসিএস লিখিত পরীক্ষা স্থগিতের দাবিতে আন্দোলনে প্রার্থীরা,
আগামীকাল বৃহস্পতিবার (২৭ নভেম্বর) শুরু হওয়ার কথা ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা। তবে পরীক্ষা পেছানোর দাবিতে বুধবার (২৬ নভেম্বর) আবারও আন্দোলনে নামেন প্রার্থীরা। তারা দুপুরে প্রধান উপদেষ্টার বাসভবন, যমুনা অভিমুখে বিক্ষোভ মিছিল করার পরিকল্পনা করেন। মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হবে।
আন্দোলনকারীরা অভিযোগ করেছেন, পরীক্ষা প্রস্তুতির জন্য সময় খুব কম দেওয়া হয়েছে। “আমাদের যৌক্তিক সময় দিতে হবে। ন্যায্য দাবি নিয়ে আমরা মাঠে নামলেও পিএসসি কোনো সাড়া দিচ্ছে না,” বলেন এক প্রার্থী। তিনি আরও জানান, পুলিশের সঙ্গে সংঘর্ষের ফলে অনেক প্রার্থী আহত হয়েছেন এবং তারা পরীক্ষায় অংশ নিতে পারবে না। আন্দোলনকারীরা পরীক্ষা পেছানো না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।
এদিকে আন্দোলনে সংহতি জানিয়েছে ডাকসুর ভিপি সাদিক কায়েম, ছাত্রদল, ছাত্রশিবিরসহ বিভিন্ন সংগঠন। তারা প্রার্থীদের সঙ্গে যুক্ত হয়ে মিছিল ও কর্মসূচিতে অংশগ্রহণ করবেন বলে জানা গেছে।
প্রসঙ্গত, লিখিত পরীক্ষার তারিখ পেছানোর দাবিতে প্রার্থীরা এক মাসের বেশি সময় ধরে আন্দোলন করে আসছেন। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে যমুনা অভিমুখে মিছিল বের করার সময় শাহবাগে তা আটকানো হয়। পরে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করে।
পিএসসি চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম বলেছেন, “৪৭তম বিসিএসের রোডম্যাপ অনেক আগেই প্রকাশ করা হয়েছে। লিখিত পরীক্ষার জন্য প্রার্থীরা ৬ মাস সময় পেয়েছেন। হঠাৎ পরীক্ষা তারিখ ঘোষণা করা হয়নি। আমরা ইতিমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছি, তাই পরীক্ষা পেছানো সম্ভব নয়।”


