এলাকাভেদে বাড়ি অনুযায়ী ভাড়ার তালিকা দেবে ডিএনসিসি
ঢাকা শহরের বাড়িভাড়া বাজারকে নিয়ন্ত্রণ ও স্বচ্ছ করার লক্ষ্যে নতুন উদ্যোগ নিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। আগামী ডিসেম্বরের মধ্যে তারা এলাকাভিত্তিক বাড়িভাড়া তালিকা প্রকাশ করবে, যাতে বাড়িওয়ালা ও ভাড়াটিয়াদের জন্য স্পষ্ট নীতিমালা থাকবে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) গুলশান ডিএনসিসি নগরভবনে বাড়িওয়ালা, ভাড়াটিয়া ও সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে বৈঠকে এ তথ্য জানান ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ।
তিনি বলেন, কোন এলাকায় কত ভাড়া হতে পারে, সর্বোচ্চ কত, সর্বনিম্ন কত, আমরা সেটার একটি নীতিগত গাইডলাইন দেব। স্থানীয় জমির বর্তমান দামসহ সবকিছু মাথায় রেখে একটি সম্ভাব্য ভাড়ার তালিকা আমরা দেব। আইন হতে হবে বাস্তবসম্মত। আমরা এটি ডিসেম্বরের মধ্যে রেডি করতে পারবো আশা করছি, যেন নতুন বছর থেকে সবার সহযোগিতায় কার্যক্রমগুলো শুরু করতে পারি।
প্রশাসক বলেন, বাড়ি ভাড়া আইন আছেই, যদিও এই বিষয়ে জানা নিয়ে অনেকের মধ্যে গ্যাপ আছে। আমরা সেই বাড়িভাড়া আইনের আলোকেই কাজ করবো। আইনের ব্যাখ্যা করে আমরা ক্যাম্পেইন করবো, সচেতন করব সবাইকে।
এক উদাহরণ তুলে ধরে মোহাম্মদ এজাজ বলেন, বাড়ির মূল্য যদি হয় ১ কোটি টাকা তাহলে বাড়ির মালিক ১৫ হাজার টাকায় ভাড়া দিতে পারবেন এমন বিষয়গুলো উল্লেখ থাকবে। কমন নির্দেশিকা আমরা রেডি করব এই বাড়িভাড়া আইনের সাপেক্ষে। সেখানে আমরা বাড়ি ভাড়া বাড়ানোর সময় কখন হবে, দুই বছর পরে বাড়াবে, কী কারণে বাড়বে, তার সুস্পষ্ট নির্দেশিকা থাকবে। বাড়ির মালিকদের হোল্ডিং ট্যাক্স ঠিকমতো না দেওয়া হলে কোনো নাগরিক সেবা আমরা দেব না। বাড়ি ভাড়া বা বাড়ি বিক্রি করতে হলে হালনাগাদ হোল্ডিং ট্যাক্স দেখাতে হবে।
ডিএনসিসি ওয়েবসাইটে বাড়িওয়ালা-ভাড়াটিয়াদের জন্য চুক্তিপত্রের ডেমো ও নির্দেশনাও পাওয়া যাবে। প্রশাসক আশা প্রকাশ করেন, “ওয়ার্ডভিত্তিক সমিতি তৈরি হবে যাতে উভয় পক্ষই তাদের অধিকার আদায় করতে পারে। সমস্যা সমাধান না হলে স্থানীয় আঞ্চলিক কার্যালয়ে যোগাযোগের সুযোগ থাকবে।”
বৈঠকে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় বিভিন্ন ওয়ার্ডের বাড়িওয়ালা, ভাড়াটিয়াসহ অংশীজনরা উপস্থিত ছিলেন।


