বাংলাদেশকে চীনের সঙ্গে রেলপথে যুক্ত করতে আহ্বান প্রধান উপদেষ্টার

জাতীয়
বাংলাদেশকে চীনের সঙ্গে রেলপথে যুক্ত করতে আহ্বান প্রধান উপদেষ্টার
নিউজ ডেস্ক
২৮ নভেম্বর ২০২৫

আঞ্চলিক যোগাযোগ জোরদার করা ও স্থানান্তরিত শিল্পকারখানা থেকে রফতানি সহজতর করতে বাংলাদেশকে দক্ষিণ চীনের সঙ্গে রেলপথে যুক্ত করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় চীনের এক্সপোর্ট-ইমপোর্ট ব্যাংক (এক্সিম) এর ভাইস প্রেসিডেন্ট ইয়াং ডংনিংএর সঙ্গে বৈঠকে তিনি এ প্রস্তাব দেন।

প্রফেসর ইউনূস বৈঠকে চীনা প্রতিষ্ঠানগুলোকে বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে শিল্পকারখানা স্থাপন করতে আহ্বান জানান। এই অঞ্চলে রয়েছে দেশের সবচেয়ে বড় সমুদ্রবন্দর এবং মিয়ানমার ও থাইল্যান্ডসহ দক্ষিণ-পূর্ব এশিয়ার বাজারের কাছে কৌশলগত অবস্থান।

তিনি বলেন, “চীনা শিল্পগুলো এখানে উৎপাদন চালাতে পারবে এবং চীনসহ অন্যান্য উন্নত দেশগুলোতে রফতানি করতে পারবে। এটি বৃহত্তর বাজার প্রবেশাধিকার ও লজিস্টিক সুবিধা নিশ্চিত করবে।”

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এক্সিম ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ইয়াং ডংনিং বলেন, চীনা বিনিয়োগকারীরা কেবল অবকাঠামোতে নয়, উৎপাদনমুখী শিল্প, সৌর প্যানেল, পাটজাত জ্বালানি, জৈব সার ও প্লাস্টিকের বিকল্প খাতেও আগ্রহী। ব্যাংকও এসব প্রকল্পে অর্থায়নের প্রস্তুতি রাখছে।

ড. মা জুন যোগ করেন, চীনা বিনিয়োগকারীরা বাংলাদেশের ঐতিহ্যবাহী পাটশিল্পে যৌথ বিনিয়োগে আগ্রহী। তারা বছরে এক মিলিয়ন টন পর্যন্ত পাট ব্যবহার করে জ্বালানি, সার ও প্লাস্টিক বিকল্প উৎপাদনের পরিকল্পনা করছে।

প্রফেসর ইউনূস ফার্মাসিউটিক্যালস, স্বাস্থ্যসেবা ও নবায়নযোগ্য জ্বালানি খাতকে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, “সৌর প্যানেল ও রুফটপ সোলার সিস্টেমে চীনা বিনিয়োগ বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

ইয়াং ডংনিং আরও জানান, চীনা প্রতিষ্ঠানগুলো এআই ও ই-কমার্স খাতেও বিনিয়োগের সুযোগ খুঁজছে, যেখানে চীন ইতোমধ্যে বৈশ্বিক নেতৃত্ব দিচ্ছে।

বৈঠকে উপস্থিত ছিলেন সিনিয়র সচিব ও এসডিজি সমন্বয়ক লামিয়া মোর্শেদ, বাংলাদেশে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, এবং ইনস্টিটিউট অব ফাইন্যান্স অ্যান্ড সাসটেইনেবিলিটির প্রেসিডেন্ট ড. মা জুন।

বৈঠকের শুরুতে প্রধান উপদেষ্টা হংকংয়ের একটি অ্যাপার্টমেন্টে অগ্নিকাণ্ডে প্রাণহানির জন্য শোক প্রকাশ করেন।