সাবেক অর্থমন্ত্রীর ছেলে রেজা কিবরিয়ার বিএনপিতে আনুষ্ঠানিক যোগদান
সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়া আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়েছেন। সোমবার দুপুরে গুলশানে দলের চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুল দিয়ে তিনি যোগদানের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন।
যোগদান অনুষ্ঠানে রেজা কিবরিয়া বলেন,
“বিএনপিতে যোগ দিতে পেরে আমি গর্বিত। আজ থেকে আনুষ্ঠানিকভাবে দলের অংশ হলাম।”
এসময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাকে স্বাগত জানিয়ে বলেন,
“রেজা কিবরিয়ার মতো যোগ্য একজন ব্যক্তি বিএনপিতে এসেছেন—এটি আমাদের জন্য অত্যন্ত আনন্দের বিষয়। চেয়ারপার্সন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকেও তাকে অভিনন্দন জানাচ্ছি।”
তিনি আরও বলেন, বিএনপির ঘোষিত ৩১ দফা কাঠামোর আলোকে দেশ পুনর্গঠনে রেজা কিবরিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।
বিএনপি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য ২২৭টি আসনের প্রার্থী ঘোষণা করলেও হবিগঞ্জ-১ আসনটি ফাঁকা রেখেছে। রেজা কিবরিয়া জানিয়েছেন, তিনি ওই আসনে ধানের শীষ প্রতীকে নির্বাচন করতে চান।
রাজনীতিতে রেজা কিবরিয়ার যাত্রা:
২০১৮ সালের জাতীয় নির্বাচনে তিনি জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীকে একই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন।একাদশ জাতীয় নির্বাচনের আগে তিনি গণফোরামে যোগ দিয়ে পরবর্তীতে দলটির সাধারণ সম্পাদক হন।নেতৃত্ব নিয়ে বিরোধে গণফোরাম বিভক্ত হলে তিনি নুরুল হক নুরের সঙ্গে যুক্ত হয়ে গণঅধিকার পরিষদ গঠন করেন এবং আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন।সেখানেও বিরোধ তৈরি হলে পরে তিনি আমজনতার দল প্রতিষ্ঠা করে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন।
রেজা কিবরিয়ার বিএনপিতে যোগ দেওয়া রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।


