মিরপুরের কালশীতে একা পেয়ে পুলিশকে পেটালো আন্দোলনকারীরা

জাতীয়
মিরপুরের কালশীতে একা পেয়ে পুলিশকে পেটালো আন্দোলনকারীরা
৩ নভেম্বর ২০২৬

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের আন্দোলনের মধ্যে এক পুলিশ সদস্যকে একা পেয়ে লাঠিসোঁটা দিয়ে পিটিয়ে গুরুতর আহত করার ঘটনা ঘটেছে। আহত পুলিশ সদস্যের নাম সায়মন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মঙ্গলবার (৩ নভেম্বর) মিরপুর-১১ নম্বর মেট্রোস্টেশন থেকে প্রায় ২০০ মিটার দূরে কালশী সড়কে একটি বেসরকারি প্রতিষ্ঠানের সুপারশপের সামনে এ হামলার ঘটনা ঘটে। এরই মধ্যে ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, কয়েকজন আন্দোলনকারী পুলিশ সদস্য সায়মনকে ঘিরে ধরে লাঠিসোঁটা দিয়ে মারধর করছেন। কেউ লাঠি দিয়ে আঘাত করছেন, আবার কেউ লাথি মারছেন। তবে এ সময় উপস্থিত কয়েকজনকে হামলাকারীদের নিবৃত্ত করার চেষ্টাও করতে দেখা যায়।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন পুলিশ সদস্যের ওপর হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আহত সায়মন বর্তমানে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে পোশাকশ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে মঙ্গলবারও রাজধানীর বিভিন্ন এলাকায় আন্দোলন করেছেন শ্রমিকরা। সকালে মিরপুর-১১ ও পল্লবী এলাকায় সড়কে নেমে অবরোধের চেষ্টা করেন তাঁরা।

এ সময় দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা শ্রমিকদের সড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ জানালে দুই পক্ষের মধ্যে কয়েক দফা বাক্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে শ্রমিকরা সড়কে যান চলাচল বন্ধ করে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রথমে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। এতে শ্রমিকরা আশপাশের বিভিন্ন অলিগলিতে সরে যান। সেখান থেকেও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ার ঘটনা ঘটে। পরে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়।

এরপর ওই এলাকায় যান চলাচল আবার শুরু হয়। দুপুরের পর পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে আসে। তবে আন্দোলনের মধ্যেই পুলিশ সদস্যের ওপর হামলার ঘটনায় এলাকায় উত্তেজনা তৈরি হয়েছে।