দেশবাসীর সম্মিলিত সমর্থনই আমাদের পরিবারের প্রধান শক্তি: তারেক রহমান
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মানুষের সম্মিলিত ভালোবাসা ও সমর্থনই তাদের পরিবারের প্রধান শক্তি হিসেবে কাজ করছে।
মঙ্গলবার (২ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
তারেক রহমান জানান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যে দোয়া, শুভকামনা ও সার্বিক সহযোগিতা পাওয়া যাচ্ছে, তার জন্য তিনি জিয়া পরিবার ও বিএনপির পক্ষ থেকে সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছেন।
তিনি লিখেন, বিভিন্ন দেশের রাজনৈতিক নেতা, কূটনীতিক, বন্ধুবান্ধবসহ অসংখ্য মানুষের শুভেচ্ছা ও উদ্বেগ তাদের পরিবারের আবেগকে গভীরভাবে স্পর্শ করছে। একই সঙ্গে দেশের জনগণের অকৃত্রিম ভালোবাসা ও দোয়া এই কঠিন সময়কে শক্তভাবে মোকাবিলা করতে সহায়তা করছে।
তারেক রহমান আরও বলেন, দেশবাসীর সম্মিলিত সমর্থন ও সহমর্মিতাই তাদের পরিবারের প্রেরণার প্রধান উৎস। মমতাময়ী দেশনেত্রীর দ্রুত আরোগ্য কামনায় তিনি সবার কাছে দোয়া প্রার্থনা করেন এবং এই সময়ে সংহতি প্রকাশের জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা জানান।


