কৃষককে ক্যাশবিহীন লেনদেনে দক্ষ করতে ব্র্যাক সিড অ্যান্ড এগ্রো ও বিকাশের যৌথ কর্মশালা
উত্তরবঙ্গের কৃষকদের ডিজিটাল আর্থিক সেবায় অভ্যস্ত করতে ও কৃষিপণ্যের উৎপাদন–বাজারজাতকরণের পাশাপাশি প্রতিদিনের লেনদেনকে আরও সহজ, নিরাপদ ও ক্যাশবিহীন করতে ব্র্যাক সিড অ্যান্ড এগ্রো এন্টারপ্রাইজ এবং বিকাশ যৌথভাবে বিশেষ সচেতনতামূলক কর্মশালা আয়োজন করেছে।
সম্প্রতি দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলায় অনুষ্ঠিত তিনটি কর্মশালায় মোট ৮৭৫ জন কৃষক অংশ নেন। উদ্যোগটির মূল লক্ষ্য—গ্রামীণ কৃষকদের ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করা এবং নগদ অর্থ বহনের ঝুঁকি কমিয়ে নিরাপদ, স্বচ্ছ ও দ্রুতগতির লেনদেনের সুবিধা পৌঁছে দেওয়া।
কর্মশালায় অংশ নেওয়া কৃষকদের জানানো হয়, তাদের বিকাশ ওয়ালেট থাকলে ঘরে বসেই ২৪ ঘণ্টা বিল পরিশোধ, টাকা পাঠানো, মোবাইল রিচার্জ, সঞ্চয় ব্যবস্থাপনা থেকে শুরু করে এজেন্ট পয়েন্ট থেকে ক্যাশ-আউটসহ নানা সেবা নেওয়া সম্ভব। এতে একদিকে সময় বাঁচে, অন্যদিকে আর্থিক সিদ্ধান্ত গ্রহণে কৃষকেরা আরও স্বাবলম্বী হন।
প্রশিক্ষণে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়—
বিকাশ অ্যাকাউন্ট খোলার প্রক্রিয়া
নিরাপদ পিন সেটআপ ও গোপনীয়তা রক্ষা
প্রতারণা চিহ্নিতকরণ ও প্রতিরোধের কৌশল
অ্যাপ ও ইউএসএসডির মাধ্যমে প্রতিদিনের লেনদেন করা
ক্যাশ-আউট পদ্ধতি ও ব্যয় কাঠামো
সময়মতো অর্থ গ্রহণ ও আর্থিক পরিকল্পনা
ব্র্যাক ও বিকাশের যৌথ উদ্যোগ সম্পর্কে আয়োজকরা জানান, কৃষকদের ডিজিটাল পেমেন্টে দক্ষ করে তোলা শুধু তাদের আর্থিক নিরাপত্তা বাড়ায় না, বরং দেশের কৃষিখাতকে আধুনিক প্রযুক্তির সঙ্গে সংযুক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। গ্রামীণ অর্থনীতিতে ডিজিটাল লেনদেনের প্রসার বাড়লে উৎপাদন ব্যবস্থা আরও গতিশীল ও স্বচ্ছ হবে বলে মন্তব্য করেন তারা।
স্থানীয় কৃষকরাও মনে করছেন, এ ধরনের প্রশিক্ষণ তাদের দৈনন্দিন আর্থিক ব্যবস্থাপনাকে সহজ করার পাশাপাশি ঝুঁকিমুক্ত লেনদেন নিশ্চিত করবে, যা সামগ্রিকভাবে কৃষিপ্রধান অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।


