খালেদা জিয়ার চিকিৎসায় যোগ দিয়েছেন ব্রিটিশ চিকিৎসক রিচার্ড বিল
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্য থেকে বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বিল ঢাকায় এসেছেন। বুধবার (৩ ডিসেম্বর) সকাল সোয়া ৯টায় কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
বিমানবন্দরে সাবেক সচিব মো. আব্দুল খালেক ও মুঞ্জুর মোর্শেদ চৌধুরী ফুল দিয়ে তাকে বরণ করে নেন। পরে তিনি সরাসরি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান এবং সেখানেই বিএনপি চেয়ারপারসনের চিকিৎসা টিমে আনুষ্ঠানিকভাবে যুক্ত হন। ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন তাকে স্বাগত জানান।
খালেদা জিয়ার উন্নত সেবায় অংশ নিতে একই দিনে বিকেলে আরও চারজন চীনা চিকিৎসক ঢাকায় আসবেন বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার।
চীন থেকে আগত চিকিৎসকরা হলেন ডা. কাই জিয়ানফাং,ডা. ইউয়ান জিন,ডা. ঝাং ইউহুই,ডা. মেং হং।
তাদেরও বিমানবন্দরে স্বাগত জানাবেন সাবেক সচিব আব্দুল খালেক ও মুঞ্জুর মোর্শেদ চৌধুরী।
দলীয় সূত্রে জানা গেছে, খালেদা জিয়ার শারীরিক জটিলতা বেড়ে যাওয়ায় চিকিৎসক বোর্ডের পরামর্শে বিভিন্ন দেশের বিশেষজ্ঞ আনা হচ্ছে। আগত চিকিৎসকেরা চিকিৎসা টিমে যুক্ত হয়ে বর্তমান অবস্থা মূল্যায়ন ও চিকিৎসা পরিকল্পনায় ভূমিকা রাখবেন বলে জানা গেছে।


