খালেদা জিয়ার সুস্থতা কামনায় শুক্রবার সারা দেশে দোয়া ও প্রার্থনার আহ্বান সরকারের

জাতীয়
খালেদা জিয়ার সুস্থতা কামনায় শুক্রবার সারা দেশে দোয়া ও প্রার্থনার আহ্বান সরকারের
নিউজ ডেস্ক
৪ ডিসেম্বর ২০২৫

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনায় আগামীকাল শুক্রবার জুমার পর দেশের সব মসজিদে দোয়া করার আহ্বান জানিয়েছে অন্তর্বর্তী সরকার। একই সঙ্গে মন্দির, গির্জা, প্যাগোডাসহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়েও নিজ নিজ রীতি অনুযায়ী প্রার্থনার অনুরোধ জানানো হয়েছে।

বৃহস্পতিবার সকাল ৯টা ২০ মিনিটে প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে এ আহ্বান জানানো হয়। সেখানে সর্বস্তরের মানুষের প্রতি নিজ নিজ অবস্থান থেকে খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া ও প্রার্থনা করার অনুরোধও জানানো হয়েছে।

এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে বলে জানা গেছে। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, বুধবার সন্ধ্যায় খালেদা জিয়ার খোঁজ নিতে হাসপাতালে যান অধ্যাপক মুহাম্মদ ইউনূস। প্রায় আধা ঘণ্টা অবস্থানকালে তিনি খালেদা জিয়ার পরিবার ও দলীয় নেতাদের ধৈর্য ধারণের আহ্বান জানান। চিকিৎসক দলও তাঁর শারীরিক অবস্থা সম্পর্কে প্রধান উপদেষ্টাকে বিস্তারিত অবহিত করে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

সরকারের পক্ষ থেকে সব ধরনের চিকিৎসা সহায়তার আশ্বাসও পুনর্ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা।

হাসপাতাল সূত্র জানায়, অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের অধীন খালেদা জিয়ার চিকিৎসা চলছে। বিএনপির একটি সূত্র জানিয়েছে, ফুসফুসে সংক্রমণজনিত জটিলতা কিছুটা উন্নতির দিকে থাকলেও হৃদ্‌যন্ত্রের সমস্যাসহ বেশ কিছু জটিলতা এখনো বিদ্যমান।

এরই মধ্যে চীন থেকে আসা চারজন বিশেষজ্ঞ চিকিৎসক বুধবার রাতে ঢাকায় পৌঁছে মেডিকেল বোর্ডে যোগ দিয়েছেন। তাঁরা হলেন—কাই জিয়ানফাং, ইউয়ান জিন, ঝাং ইউহুই ও মেং হং। এর আগে দুপুরে যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বেলে ঢাকা এসে হাসপাতালে খালেদা জিয়ার অবস্থা পর্যালোচনা করেন।

দায়িত্বশীল সূত্রগুলো বলছে, বিদেশে উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে পাঠানো যাবে কি না, সে বিষয়ে চূড়ান্ত মত দেবে দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বিত দল। তাদের অভিমতের ওপর নির্ভর করছে তাঁর ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার সময়সূচিও।

গত জানুয়ারিতে উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়া লন্ডনে গিয়েছিলেন এবং সেখান থেকে চার মাস পর দেশে ফেরেন। সর্বশেষ ২৩ নভেম্বর শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় তাঁকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় এবং শারীরিক অবস্থার অবনতি ঘটলে রবিবার তাঁকে এসডিইউ থেকে সিসিইউতে স্থানান্তর করা হয়।