বাংলাদেশ হবে বিশ্বের অষ্টম বৃহত্তম ভোক্তা বাজার: বিডা চেয়ারম্যান
বাংলাদেশ ২০৩০ সালের মধ্যে বিশ্বের সবচেয়ে বড় ভোক্তা বাজারে পরিণত হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। তিনি বলেন, দেশের তরুণ জনসংখ্যা, দ্রুত বর্ধনশীল ভোক্তা বাজার এবং ব্যবসা সহজীকরণের সরকারি উদ্যোগগুলো বিনিয়োগের জন্য বিরাট সম্ভাবনা তৈরি করছে।
রোববার (৭ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শুরু হওয়া ৮ দিনের এসএমই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। ‘এসএমই শক্তি, দেশের অগ্রগতি’ স্লোগানে আয়োজন করা মেলাটি চলবে ১৪ ডিসেম্বর পর্যন্ত এবং এতে শতভাগ দেশীয় পণ্য প্রদর্শিত হচ্ছে।
বিডা চেয়ারম্যান আরও বলেন, বিদেশি বিনিয়োগকারীরা বাংলাদেশকে ম্যানুফেকচারিং হাব হিসেবে দেখছে, তবে দেশীয় ব্যাকওয়ার্ড লিঙ্কেজ তৈরি না হলে বিনিয়োগ বাধাগ্রস্ত হবে। এছাড়া ব্যবসা শুরু করার জটিলতা, দুর্নীতি ও ঋণ প্রাপ্তির সমস্যা উদ্যোক্তাদের জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে দাঁড়িয়েছে। তিনি জানান, এসব সমস্যার সমাধানে বিডা ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করছে, যেখানে নিবন্ধন, ব্যাংক অ্যাকাউন্ট খোলা ও অন্যান্য সরকারি সেবা এক জায়গায় পাওয়া যাবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্প, গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন মো. মুসফিকুর রহমান, শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. নুরুজ্জামান এবং উইমেন এন্ট্রাপ্রেনিয়র অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ সভাপতি নাসরীন ফাতেমা আউয়াল।
এবারের মেলায় অংশ নিয়েছে প্রায় ৩৫০টি ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠান, যাদের মধ্যে প্রায় ৬০ শতাংশ নারী উদ্যোক্তা। প্রধান খাতগুলো হলো তৈরি পোশাক, হস্তশিল্প, পাদুকা ও চামড়াজাত পণ্য, পাটজাত পণ্য, খাদ্য ও কৃষি প্রক্রিয়াজাতকরণ, লাইট ইঞ্জিনিয়ারিং, জুয়েলারি, তথ্য প্রযুক্তি ও প্লাস্টিক পণ্য। সরকারের বিভিন্ন দপ্তর, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান মেলায় অংশগ্রহণ করেছে উদ্যোক্তাদের সহায়তার জন্য।


