জামায়াতপন্থী আইনজীবী শিশির মনিরের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে মামলা
সুপ্রিম কোর্টের আইনজীবী ও সুনামগঞ্জ-২ আসনে আসন্ন সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর সম্ভাব্য প্রার্থী শিশির মনিরের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। একই সঙ্গে ‘ডিএসএন’ নামের একটি ইউটিউব চ্যানেলকেও আসামি করা হয়েছে।
রোববার (৭ ডিসেম্বর) আইনজীবী রিদওয়ান হোসেন রবিন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে এ মামলা দায়ের করেন। আদালত মামলাটির তদন্তভার ডিবি পুলিশকে দিয়েছেন।
মামলার অভিযোগে বলা হয়েছে, ইউটিউব চ্যানেল ‘ডিএসএন’-এ দেওয়া একটি সাক্ষাৎকারে শিশির মনির ইচ্ছাকৃতভাবে ‘রোজা ও পূজা একই মুদ্রার এপিঠ–ওপিঠ’ বলে মন্তব্য করেন। অভিযোগ অনুযায়ী, এই বক্তব্য বাংলাদেশের মুসলিম জনগোষ্ঠীর ধর্মীয় বিশ্বাসে গভীর আঘাত হানে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে ধর্মীয় উদ্বেগ ও উত্তেজনা সৃষ্টি করে।
অভিযোগে আরও বলা হয়েছে, দেশের প্রায় ৯১ শতাংশ মানুষ মুসলমান, এবং তাদের কাছে রোজা পালন একটি পবিত্র ইবাদত। অন্যদিকে হিন্দু ধর্মাবলম্বীদের দেবদেবীর পূজা সম্পূর্ণ ভিন্ন ধর্মীয় অনুশীলন। এই দুই প্রথাকে তুলনা করা মুসলিম জনগণের সামনে অমার্জনীয় অপমান হিসেবে প্রতীয়মান হয়েছে।
মামলাটি এখন ডিবির তদন্তাধীন। আসামিপক্ষের কোনো মন্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।


