পাঁচ বছরের জন্য নির্বাচন পর্যবেক্ষণে ৮১ দেশীয় সংস্থাকে নিবন্ধন দিল ইসি

জাতীয়
পাঁচ বছরের জন্য নির্বাচন পর্যবেক্ষণে ৮১ দেশীয় সংস্থাকে নিবন্ধন দিল ইসি
নিউজ ডেস্ক
৮ ডিসেম্বর ২০২৫

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশীয় পর্যবেক্ষকদের নিবন্ধন–প্রক্রিয়া চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। মোট ৮১টি নির্বাচন পর্যবেক্ষক সংস্থা আনুষ্ঠানিকভাবে নিবন্ধন পেয়েছে। সোমবার (৮ ডিসেম্বর) ইসির জনসংযোগ শাখা থেকে এ তথ্য জানানো হয়।

গত ২৮ সেপ্টেম্বর জাতীয় পর্যবেক্ষক সংস্থাগুলোর প্রাথমিক তালিকা প্রকাশ করে ইসি। ৭৩টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আপত্তি বা অভিযোগ জমা দেওয়ার শেষ সময় ছিল ২০ অক্টোবর। সব দাবি–আপত্তি নিষ্পত্তির পর প্রথম ধাপে ৬৬ প্রতিষ্ঠানকে নিবন্ধন দেওয়া হয়, যা চলতি বছরের ৬ নভেম্বর থেকে ২০৩০ সালের ৫ নভেম্বর পর্যন্ত কার্যকর থাকবে।

পরবর্তী যাচাই–বাছাই শেষে দ্বিতীয় ধাপে আরও ১৫টি প্রতিষ্ঠানকে অনুমোদন দেওয়া হয়। এদের নিবন্ধনের মেয়াদ ২০২৪ সালের ৪ ডিসেম্বর থেকে ২০৩০ সালের ৩ ডিসেম্বর পর্যন্ত।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

ইসি জানায়, ‘নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা ২০২৫’ অনুযায়ী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে নিবন্ধিত ৯৬টি দেশীয় পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়েছে।

পূর্ববর্তী নির্বাচনের তথ্য

  • ২০০৮ সালের নবম নির্বাচন: নিবন্ধিত ছিল ১৩৮টি সংস্থা; পর্যবেক্ষক অংশ নেয় ১,৫৯,১১৩ জন।

  • ২০১৪ সালের দশম নির্বাচন: ৩৫টি সংস্থার ৮,৮৭৪ জন পর্যবেক্ষক মাঠে ছিলেন।

  • ২০১৮ সালের একাদশ নির্বাচন: ১১৮ নিবন্ধিতের মধ্যে ৮১ সংস্থার ২৫,৯০০ জন পর্যবেক্ষক অংশ নেয়।

  • ২০২৪ সালের দ্বাদশ নির্বাচন: ৯৬টির মধ্যে প্রায় ৮০টি সংস্থার ২০,২৫৬ জন পর্যবেক্ষক ভোট পর্যবেক্ষণ করেন।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশীয় পর্যবেক্ষকদের ভূমিকা আগের মতোই গুরুত্ব বহন করবে বলে মনে করছে নির্বাচন কমিশন।