দাখিল–আলিম পরীক্ষায় ১১১ মাদরাসায় শূন্য পাস, কারণ দর্শানোর নোটিশ জারি

শিক্ষা
দাখিল–আলিম পরীক্ষায় ১১১ মাদরাসায় শূন্য পাস, কারণ দর্শানোর নোটিশ জারি
নিউজ ডেস্ক
৮ ডিসেম্বর ২০২৫

চলতি বছরের দাখিল ও আলিম পরীক্ষায় সারাদেশের মোট ১১১টি মাদরাসায় কেউই পাস করতে পারেনি। ফলাফলে এমন নজিরবিহীন ব্যর্থতার কারণে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড।

সোমবার (৮ ডিসেম্বর) বোর্ডের রেজিস্ট্রার অধ্যাপক মো. ছালেহ আহমদের স্বাক্ষরিত পৃথক নোটিশে বলা হয়, শূন্যপাস প্রাপ্ত মাদরাসাগুলোর পাঠদান অনুমতি বা স্বীকৃতি বাতিলের বিষয়ে বিবেচনা করা হচ্ছে। কেন এই ব্যবস্থা নেওয়া হবে না—তা আগামী ১৫ কর্মদিবসের মধ্যে লিখিতভাবে জানাতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।

নোটিশে আরও উল্লেখ করা হয়, দাখিল ও আলিম পরীক্ষার এই দুরবস্থা বোর্ডের সামগ্রিক ভাবমূর্তিকে প্রশ্নবিদ্ধ করেছে। পাঠদানে গাফিলতি, প্রস্তুতির ঘাটতি এবং ব্যবস্থাপনার দুর্বলতাকে এ ব্যর্থতার সম্ভাব্য কারণ হিসেবে দেখা হচ্ছে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

আলিম পরীক্ষায় শূন্যপাস করেছে দেশের বিভিন্ন জেলার ২৫টি মাদরাসা—যার মধ্যে রয়েছে ঢাকা, মুন্সিগঞ্জ, ময়মনসিংহ, জামালপুর, রাজশাহী, সিরাজগঞ্জ, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, বরিশাল, পিরোজপুর, বাগেরহাট, কুমিল্লা, নড়াইলসহ আরও কয়েকটি জেলার প্রতিষ্ঠান।

অন্যদিকে দাখিল পরীক্ষায় শূন্যপাস মাদরাসার সংখ্যা আরও বেশি—মোট ৮৬টি। তালিকায় রয়েছে টাঙ্গাইল, রাজশাহী, নাটোর, নওগাঁ, সিরাজগঞ্জ, জয়পুরহাট, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, বগুড়া, দিনাজপুর, পঞ্চগড়, খুলনা, যশোর, মাগুরা, সাতক্ষীরা, পিরোজপুর, ভোলা, নোয়াখালী, চাঁদপুর, কক্সবাজারসহ প্রায় সব অঞ্চলের প্রতিষ্ঠান।

বোর্ড কর্তৃপক্ষ জানায়, নোটিশের ভিত্তিতে প্রাপ্ত ব্যাখ্যা পর্যালোচনা করে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।