প্রাথমিক শিক্ষকরা কর্মস্থলে উপস্থিতির প্রত্যয়ন ছাড়া বেতন পাবেন না
শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের কর্মস্থলে নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে কঠোর অবস্থান নিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। নতুন নির্দেশনায় জানানো হয়েছে, সঠিক উপস্থিতির প্রত্যয়ন ছাড়া ভবিষ্যতে কেউই বেতন-ভাতা তুলতে পারবেন না।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) অধিদপ্তরের সহকারী পরিচালক (সাধারণ প্রশাসন) মোহাম্মদ নজরুল ইসলামের সই করা এক আদেশে এ তথ্য জানানো হয়।
আদেশে উল্লেখ করা হয়েছে—অনেক শিক্ষক ও কর্মকর্তা নিজেদের মূল কর্মস্থলের পরিবর্তে সংযুক্তিকৃত প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করলেও নিয়মিত উপস্থিত থাকছেন না। এমনকি কেউ কেউ ছুটি অনুমোদন ছাড়াই আইবাস প্ল্যাটফর্মের মাধ্যমে বেতন-ভাতা তুলে নিচ্ছেন। এতে সরকারের আর্থিক ক্ষতি হওয়ার পাশাপাশি কর্মচারী শৃঙ্খলা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
নতুন নির্দেশনায় বলা হয়েছে, সংযুক্তিকৃত কর্মস্থলে যাদের দায়িত্ব দেওয়া হয়েছে, তাদের নিয়মিত উপস্থিতির যথাযথ প্রত্যয়ন নিশ্চিত করতে হবে। এই প্রত্যয়ন জমা না থাকলে বেতন-ভাতা প্রদান করা যাবে না।
অধিদপ্তর আরও জানিয়েছে, সংযুক্তিকৃত কর্মস্থলে কেউ অনুমোদন ছাড়া অনুপস্থিত থাকা সত্ত্বেও যদি বেতন-ভাতা উত্তোলন করেন, তবে এর দায় সংশ্লিষ্ট আয়ন-ব্যয় বা নিয়ন্ত্রণকারী কর্মকর্তা এড়াতে পারবেন না। সেই ক্ষেত্রে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার কথাও উল্লেখ করা হয়েছে।


