অর্থ উপদেষ্টা : ভ্যাট সংগ্রহে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে

অর্থ উপদেষ্টা : ভ্যাট সংগ্রহে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে
নিউজ ডেস্ক
১০ ডিসেম্বর ২০২৫

অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেছেন, দেশে মূল্য সংযোজন কর বা ভ্যাট আদায় হলেও তা অনেক সময় সরকারের কোষাগারে পৌঁছায় না। তিনি বলেন, সিস্টেমকে সহজ ও স্বচ্ছ করতে হবে যাতে করের অর্থ নিশ্চিতভাবে মানুষের জন্য ব্যবহার করা যায়।

বুধবার (১০ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে রাজস্ব ভবনে অনুষ্ঠিত ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ ২০২৫ সেমিনারে তিনি এসব মন্তব্য করেন। অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান, সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।

অর্থ উপদেষ্টা বলেন, “অনেক সময় মানুষ ও ব্যবসায়ী ভ্যাট দিতে দ্বিধা বোধ করেন। আমাদের মানসিকতাকে পরিবর্তন করতে হবে। কর দিলে তার বিপরীতে মানুষ যেন সেবা পান। এভাবে লোকজন নিশ্চিতভাবে ট্যাক্স প্রদান করবে।”

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

তিনি আরও বলেন, ভ্যাট সংগ্রহের সিস্টেম দ্রুত আধুনিকায়ন করতে হবে। আগামী দুই মাসের মধ্যে সিস্টেম উন্নত করলে ভবিষ্যত সরকার সহজেই তা বাস্তবায়ন করতে পারবে এবং দেশের অর্থনৈতিক চেহারা আরও এগিয়ে যাবে।

সালেহউদ্দিন আহমেদ বলেন, “ঋণ করে অর্থনীতি সামলানো সম্ভব, কিন্তু আয়কর বৃদ্ধির মাধ্যমে রাজস্ব সংগ্রহ করা জরুরি। আমাদের ইনকাম ট্যাক্সের ওপর নির্ভরতা বাড়ানো উচিত, ভ্যাট নয়। সাপ্লিমেন্টারি ডিউটি ধীরে ধীরে কমানো যেতে পারে।”

তিনি যোগ করেন, “রাজস্ব ব্যবস্থাপনাকে আরও আধুনিক, আইটি-ভিত্তিক এবং জনগণ ও ব্যবসায়ীদের জন্য সুবিধাজনক করতে হবে। অন্যথায় আমরা দেশের সম্পদ সীমাবদ্ধতার কারণে দীর্ঘমেয়াদে অগ্রগতি করতে পারব না।”