প্রধান শিক্ষকদের বেতন স্কেল এক ধাপ উন্নীত করার নীতিগত সিদ্ধান্ত
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বেতন গ্রেড উন্নীত করার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। এতে দেশজুড়ে ৬৫ হাজার ৫০২ জন প্রধান শিক্ষক ১১তম গ্রেডের বদলে ১০ম গ্রেডে বেতন পাওয়ার সুযোগ পাবেন।
বুধবার (১০ ডিসেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক চিঠিতে জানানো হয়, ৩ ডিসেম্বর মন্ত্রিপরিষদ সচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উত্থাপিত প্রস্তাবটি আলোচনা হয় এবং নীতিগতভাবে অনুমোদন দেওয়া হয়।
সভায় জানানো হয়, রিট পিটিশনের প্রেক্ষিতে ইতোমধ্যে ৪৫ জন প্রধান শিক্ষকের বেতন স্কেল ১১তম গ্রেড থেকে ১০ম গ্রেডে উন্নীত করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর ভিত্তিতেই বাকি ৬৫ হাজার ৫০২টি পদেও একই সুবিধা দেওয়ার প্রস্তাব করা হয়।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের পাশাপাশি অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগ প্রস্তাবে সম্মতি দিয়েছে। অর্থ বিভাগের বাস্তবায়ন অনুবিভাগও ৬৫ হাজার ৫০২টি পদকে আনুষ্ঠানিকভাবে ১০ম গ্রেডে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত চূড়ান্ত করেছে।
বৈঠকে উপস্থিত সদস্যরা বিষয়টি পর্যালোচনা শেষে প্রধান শিক্ষকদের বেতন স্কেল উন্নীতকরণের সুপারিশ দিতে একমত হন। মন্ত্রিপরিষদ বিভাগের সিদ্ধান্ত অনুযায়ী, পরবর্তী সব আনুষ্ঠানিকতা দ্রুত সম্পন্ন করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।


