ওসমান হাদি ‘লাইফ সাপোর্টে’: ঢাকা মেডিকেলের পরিচালকের দপ্তর

জাতীয়
ওসমান হাদি ‘লাইফ সাপোর্টে’: ঢাকা মেডিকেলের পরিচালকের দপ্তর
নিউজ ডেস্ক
১২ ডিসেম্বর ২০২৫

রাজধানীর বিজয়নগরে নির্বাচনী প্রচারণার সময় ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এবং বর্তমানে ‘লাইফ সাপোর্ট’-এ রাখা হয়েছে, জানানো হয়েছে হাসপাতালের পরিচালক দপ্তর থেকে। বুলেটটি তাঁর মাথার ভেতরে অবস্থান করছে।

ঘটনা ঘটে আজ দুপুরে বক্স কালভার্ট এলাকায়। ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানিয়েছেন, দুপুর ২টা ২৫ মিনিটে একটি মোটরসাইকেল থেকে দুর্বৃত্তরা হাদির ওপর গুলি ছুঁড়ে পালিয়ে যায়।

ওসমান হাদির পেছনের রিকশায় থাকা মো. রাফি জানান, “জুমার নামাজ শেষে আমরা হাইকোর্টের দিকে আসছিলাম। বিজয়নগরে পৌঁছাতে না পৌঁছাতেই দুইজন মোটরসাইকেল থেকে এসে হাদি ভাইয়ের ওপর গুলি ছুড়ে পালিয়ে যায়।”

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

ঘটনার পর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্রুত ও ব্যাপক তদন্ত চালিয়ে হামলায় জড়িত সবাইকে শনাক্ত করে আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন।

প্রধান উপদেষ্টা আরও বলেন, “নির্বাচনী পরিবেশে এমন সহিংসতা একেবারেই গ্রহণযোগ্য নয়। জনগণ ও প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের দায়িত্ব। দোষীরা যে-ই হোক, কঠোরভাবে আইনের আওতায় আনা হবে।”