হাদির পরিবারের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ, সর্বোচ্চ চিকিৎসা ও বিচার নিশ্চিতের আশ্বাস

জাতীয়
হাদির পরিবারের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ, সর্বোচ্চ চিকিৎসা ও বিচার নিশ্চিতের আশ্বাস
নিউজ ডেস্ক
১৩ ডিসেম্বর ২০২৫

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদির পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

শনিবার (১৩ ডিসেম্বর) সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় হাদির ভাই আবু বকর সিদ্দীক, বোন মাসুমা এবং ইনকিলাব মঞ্চের নেতারা—আব্দুল্লাহ আল জাবের, ফাতিমা তাসনিম জুমা ও মো. বোরহান উদ্দিন প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে অংশ নেন। প্রধান উপদেষ্টার সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি বিষয়টি নিশ্চিত করেন।

বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, শরিফ ওসমান হাদির সর্বোত্তম চিকিৎসা নিশ্চিতে সরকার সর্বাত্মক উদ্যোগ গ্রহণ করেছে। তার সুস্থতার জন্য সারাদেশের মানুষ দোয়া করছে উল্লেখ করে তিনি বলেন, শারীরিক অবস্থার প্রয়োজনে বিদেশে চিকিৎসা নিতে হলেও সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এ সময় হাদির বোন মাসুমা আবেগঘন কণ্ঠে বলেন, ছোটবেলা থেকেই হাদি দেশপ্রেমে উদ্বুদ্ধ এবং বিপ্লবী চেতনায় বিশ্বাসী। বিদ্রোহী কবিতা ছিল তার প্রিয়। তিনি আরও বলেন, হাদির একটি ১০ মাস বয়সী সন্তান রয়েছে এবং পরিবার ও আন্দোলনের জন্য সে ছিল মেরুদণ্ডস্বরূপ।

তিনি বলেন, “ওর সামনে এখনও অনেক কাজ বাকি। ওকে বাঁচিয়ে রাখা জরুরি। আপনারা বিপ্লবী সরকার—জুলাই বিপ্লবীদের নিরাপত্তা ও জীবন রক্ষার দায়িত্ব আপনাদেরই নিতে হবে। তা না হলে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে।”

এদিকে দ্রুত অপরাধীদের গ্রেপ্তারের দাবি জানিয়ে ইনকিলাব মঞ্চের নেতা আব্দুল্লাহ আল জাবের বলেন, ৫ আগস্টের পর অনেকেই বাড়ি ফিরলেও হাদি ফেরেনি। জুলাই বিপ্লবকে ধারণ করে সে দিনরাত কাজ করে গেছে। হামলাকারী পূর্বে গ্রেপ্তার হয়ে কীভাবে জামিন পেয়েছে, তা তদন্তের দাবি জানান তিনি।

জুলাই যোদ্ধাদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের কার্যকর পদক্ষেপ দাবি করেন ইনকিলাব মঞ্চের আরেক নেতা ফাতিমা তাসনিম জুমা।

প্রধান উপদেষ্টা এ সময় বলেন, এই নৃশংস হামলার সঙ্গে জড়িতদের সম্পূর্ণ চক্র চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। দ্রুততম সময়ের মধ্যে অপরাধীদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনী সক্রিয় রয়েছে এবং ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল, পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা রিজওয়ানা হাসান, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান।