ওসমান হাদিকে হত্যাচেষ্টায় সন্দেহভাজনের সব ব্যাংক হিসাব জব্দ

ওসমান হাদিকে হত্যাচেষ্টায় সন্দেহভাজনের সব ব্যাংক হিসাব জব্দ
নিউজ ডেস্ক
১৪ ডিসেম্বর ২০২৫

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা–৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করার ঘটনায় সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান এবং তার মালিকানাধীন আইটি প্রতিষ্ঠান ‘অ্যাপেল সফট আইটি লিমিটেড’-এর সব ব্যাংক হিসাব জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি)।

রোববার (১৪ ডিসেম্বর) এনবিআরের ঊর্ধ্বতন একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। জানা গেছে, ২০১০ সালে প্রতিষ্ঠিত অ্যাপেল সফট আইটি লিমিটেড ওয়েব ও মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টে কাজ করে এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)-এর সদস্য।

ফয়সাল করিম মাসুদ আরেকটি আইটি প্রতিষ্ঠান ‘ওয়াইসিইউ টেকনোলজি লিমিটেড’-এরও মালিক। প্রতিষ্ঠানটি ২০১৬ সালে বেসিসের সহযোগিতা ও সরকারের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের পৃষ্ঠপোষকতায় মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে ‘ব্যাটল অব ৭১’ নামে একটি কম্পিউটার গেম তৈরি করে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

সূত্র জানায়, ফয়সাল করিম মাসুদ পূর্বে কার্যক্রমনিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৯ সালের ১১ মে ঘোষিত কেন্দ্রীয় ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটিতে তিনি সদস্য ছিলেন।

নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন শুক্রবার রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে মোটরসাইকেলে থাকা দুর্বৃত্তরা ওসমান হাদিকে গুলি করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে তিনি বর্তমানে চিকিৎসাধীন।

তদন্তসংশ্লিষ্টদের ভাষ্য, সাম্প্রতিক সময়ে ওসমান হাদির সঙ্গে বিভিন্ন কর্মসূচিতে ফয়সাল করিমের উপস্থিতির ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এসব ছবির সঙ্গে ঘটনার সময় গুলি ছোড়া ব্যক্তির চেহারার মিল থাকায় তাকে সন্দেহের তালিকায় রাখা হয়েছে।

এ ঘটনায় গুলি করা ব্যক্তিকে ধরিয়ে দিতে পারলে ৫০ লাখ টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

বিভিন্ন সূত্রে জানা গেছে, ফয়সাল করিম ২০১৩ সালে ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার বিজ্ঞানে স্নাতক সম্পন্ন করেন। পরবর্তীতে তিনি আরেকটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন। তার বিরুদ্ধে অভিযোগ সামনে আসার পর সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদসহ আওয়ামী লীগ ও ছাত্রলীগের কয়েকজন নেতার সঙ্গে তোলা তার পুরোনো ছবিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

এর আগে, গত বছরের ২৮ অক্টোবর আদাবরে অস্ত্রের মুখে ১৭ লাখ টাকা লুটের ঘটনায় দায়ের করা মামলায় ফয়সাল করিম প্রধান আসামি ছিলেন। ওই মামলায় তাকে র‍্যাব গ্রেপ্তার করে এবং তার কাছ থেকে বিদেশি পিস্তল, ম্যাগাজিন, গুলি ও অন্যান্য আলামত উদ্ধার করা হয়। চলতি বছরের ফেব্রুয়ারিতে তিনি হাইকোর্ট থেকে জামিন পান, যা পরবর্তীতে আরও এক বছরের জন্য বাড়ানো হয়।

জামিনে থাকা অবস্থায় ওসমান হাদিকে গুলি করার ঘটনায় তার নাম আসায় বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। এ ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদন্ত অব্যাহত রয়েছে।