আন্তর্জাতিক গণিত প্রতিযোগিতায় বাংলাদেশের দাপট, তিন সোনা জয়
আন্তর্জাতিক গণিত অঙ্গনে বাংলাদেশের সাফল্য অব্যাহত রয়েছে। দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম বড় আসর ‘অ্যাংকর ম্যাথেমেটিক্স কম্পিটিশন ২০২৫’-এ অংশ নিয়ে বাংলাদেশের তিন শিক্ষার্থী তিনটি সোনার পদক অর্জন করেছে।
ক্যাম্বোডিয়ায় আয়োজিত এই প্রতিযোগিতায় সোনার পদকজয়ী শিক্ষার্থীরা হলেন কিঞ্জল নাগ দিব্য, আজফার আমিন ইলহাম ও সত্ত্বিক শেখর মণ্ডল। কিঞ্জল ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী এবং আজফার ও সত্ত্বিক পড়ছেন সপ্তম শ্রেণিতে। তিনজনই ঢাকার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থী।
বিশ্বের ২৫টি দেশের বিভিন্ন গ্রেডের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে একমাত্র এই তিন শিক্ষার্থীই অংশ নেওয়ার সুযোগ পান। তিন ধাপে অনুষ্ঠিত প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয় ক্যাম্বোডিয়ার রাজধানী নম পেন-এ অবস্থিত ইনস্টিটিউট অব টেকনোলজি অব ক্যাম্বোডিয়ায়।
বাংলাদেশি শিক্ষার্থীদের এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের সমন্বয় করে প্রযুক্তিনির্ভর শিক্ষামূলক প্ল্যাটফর্ম ‘ইন্টারন্যাশনাল অলিম্পিয়াড বাংলাদেশ’। প্ল্যাটফর্মটি অনলাইন নিবন্ধন, বাছাই পরীক্ষা, প্রশিক্ষণ এবং আন্তর্জাতিক আয়োজকদের সঙ্গে যোগাযোগের দায়িত্ব পালন করে।
সমন্বয়কারী প্রতিষ্ঠানটির মতে, ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে শিক্ষার্থীদের প্রস্তুতি ও নির্বাচন প্রক্রিয়া পরিচালিত হওয়ায় আন্তর্জাতিক মানের প্রতিযোগিতায় অংশগ্রহণ আগের তুলনায় সহজ হচ্ছে। তাদের দাবি, সঠিক দিকনির্দেশনা ও প্রশিক্ষণ পেলে বাংলাদেশের শিক্ষার্থীরা যে বিশ্বমঞ্চে সাফল্যের সঙ্গে প্রতিযোগিতা করতে পারে—এই অর্জন তারই প্রমাণ।


