ওসমান হাদির জানাজায় মানতে হবে যেসব নির্দেশনা
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদির মরদেহ শুক্রবার (১৯ ডিসেম্বর) ঢাকায় পৌঁছেছে। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট বিজি-৫৮৫ সন্ধ্যা ৬টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, শহীদ ওসমান হাদির জানাজা আগামীকাল (শনিবার) দুপুর আড়াইটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। অংশগ্রহণকারীদের জন্য বলা হয়েছে, কোনো প্রকার ব্যাগ বা ভারি বস্তু সঙ্গে আনা যাবে না। এছাড়া সংসদ ভবন ও আশপাশে ড্রোন ওড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ।
শহীদ শরিফ ওসমান হাদি নির্বাচনী প্রচারণার সময় ১২ ডিসেম্বর রাজধানীর ঢাকা-৮ আসনে গুলিবিদ্ধ হন। মাথায় গুলি লাগার কারণে গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। আশঙ্কাজনক অবস্থায় তিন দিন পর সোমবার দুপুরে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়েছিল। সেখানেই বৃহস্পতিবার রাত পৌনে ১০টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
শহীদ ওসমান হাদির মৃত্যুর খবরের পর থেকে সারাদেশে শোকের ছায়া নেমে এসেছে। আগামীকাল সংসদ ভবনে অনুষ্ঠিত জানাজায় দেশের বিভিন্ন স্থান থেকে ছাত্র, তরুণ ও সাধারণ জনগণ অংশগ্রহণের জন্য আসবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।


