গত এক মাসে সবচেয়ে স্থিতিশীল অবস্থায় খালেদা জিয়া: ডা. জাহিদ হোসেন

জাতীয়
গত এক মাসে সবচেয়ে স্থিতিশীল অবস্থায় খালেদা জিয়া: ডা. জাহিদ হোসেন
নিউজ ডেস্ক
১৯ ডিসেম্বর ২০২৫

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ও ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, গত এক মাসের তুলনায় এখন তার অবস্থায় কোনো অবনতি নেই।

শুক্রবার সন্ধ্যায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের ব্রিফিংয়ে ডা. জাহিদ হোসেন এসব তথ্য জানান।

তিনি বলেন, গত ২৩ নভেম্বর থেকে বেগম খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন। চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে থাকা অবস্থায় শুক্রবারও তার শরীরে একটি ছোট চিকিৎসা-প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে, যা তিনি সফলভাবে গ্রহণ করেছেন। বর্তমানে তিনি সিসিইউতে আইসিইউ সুবিধাসংবলিত কেবিনে চিকিৎসা নিচ্ছেন।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

ডা. জাহিদ আরও জানান, দেশি ও বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের অধীনেই তার চিকিৎসা চলছে। চিকিৎসা কার্যক্রম ধারাবাহিকভাবে চালিয়ে নেওয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেন তিনি।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তার স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং পরিবারের পক্ষ থেকেও দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে বলে জানান ডা. জাহিদ হোসেন।

খালেদা জিয়ার সামগ্রিক অবস্থার উন্নতি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, “আলহামদুলিল্লাহ—বর্তমানে তার শারীরিক অবস্থায় কোনো অবনতি হয়নি। আজকের চিকিৎসা-প্রক্রিয়াও তিনি ভালোভাবে সম্পন্ন করেছেন এবং এখন তিনি স্থিতিশীল আছেন।”