হাদির মৃত্যুতে ফ্রান্সের বিবৃতি
ঢাকার ফরাসি দূতাবাস এবং জাতিসংঘ মানবাধিকার সংস্থা বাংলাদেশে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে।
শুক্রবার রাতের ফেসবুক পোস্টে ফরাসি দূতাবাস শোক প্রকাশ করে এবং দেশের রাজনৈতিক সহিংসতার প্রতি কঠোর নিন্দা জানায়। তারা একইসঙ্গে ওসমান হাদির পরিবার, বন্ধু ও সমর্থকদের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন এবং দেশজুড়ে শান্তিপূর্ণ পরিস্থিতি রক্ষার গুরুত্বের ওপর জোর দিয়েছেন।
জাতিসংঘ মানবাধিকার কমিশনার ফলকার তুর্কও একটি বিবৃতিতে বলেন, হাদির হত্যাকাণ্ড বাংলাদেশে শান্তি ও নিরাপত্তার জন্য বড় ধরনের চ্যালেঞ্জ। তিনি অবিলম্বে দ্রুত, নিরপেক্ষ, পুঙ্খানুপুঙ্খ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে দায়ীদের জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানান। পাশাপাশি ভবিষ্যতে নির্বাচনের আগে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা উল্লেখ করেন।
গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট রোড এলাকায় হামলার শিকার হন হাদি। রিকশায় থাকা অবস্থায় তার মাথায় গুলি লাগে। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় এবং উন্নত চিকিৎসার জন্য সরকারিভাবে সিঙ্গাপুরে পাঠানো হয়। সেখানেই বৃহস্পতিবার রাতে তার মৃত্যু হয়।
ফলকার তুর্ক ও ফরাসি দূতাবাস উভয়ই বাংলাদেশের সকল পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে এবং সহিংসতা থেকে বিরত থাকার ওপর জোর দিয়েছে।


