দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে ফের হামলা

জাতীয়
দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে ফের হামলা
নিউজ ডেস্ক
২২ ডিসেম্বর ২০২৫

ভারতের রাজধানী দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের সামনে বাংলাদেশবিরোধী স্লোগান দিয়ে বিক্ষোভের ঘটনা ঘটেছে। রোববার (২১ ডিসেম্বর) বিকেল আনুমানিক ৫টার দিকে প্রায় দুই শতাধিক বিক্ষোভকারী হাইকমিশনের ফটকের সামনে জড়ো হয়ে এই কর্মসূচি পালন করে। পরবর্তীতে বিক্ষোভকারীদের একটি অংশ হাইকমিশন এলাকায় হামলার চেষ্টা চালায় বলে অভিযোগ উঠেছে।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, টানা দুইদিন ধরে একই স্থানে এ ধরনের উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে, যা কূটনৈতিক মিশনের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়িয়েছে।

বিশ্বস্ত সূত্রের দাবি অনুযায়ী, বিক্ষোভে অংশগ্রহণকারীরা একটি উগ্র হিন্দুত্ববাদী সংগঠনের সঙ্গে সম্পৃক্ত, যাদের রাজনৈতিক ও আদর্শিক অবস্থান নিয়ে আগে থেকেই বিতর্ক রয়েছে। সংগঠনটির বিরুদ্ধে প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশকে কেন্দ্র করে উসকানিমূলক বক্তব্য ও কার্যক্রম পরিচালনার অভিযোগও রয়েছে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

ঘটনার ভিডিও ফুটেজে দেখা গেছে, উপস্থিত ভারতীয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে সক্রিয় ভূমিকা রাখতে ব্যর্থ হন। কিছু ক্ষেত্রে তাদের নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন উঠেছে, যা সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনার জন্ম দিয়েছে।

এ ধরনের ঘটনায় হাইকমিশনে কর্মরত কর্মকর্তা-কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যদের মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। কূটনৈতিক মিশনের নিরাপত্তা জোরদার এবং ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এ বিষয়ে এখনো পর্যন্ত ভারতীয় কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।