বেনজীরের ৭৯২ ধরনের মালামাল প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে হস্তান্তর

জাতীয়
বেনজীরের ৭৯২ ধরনের মালামাল প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে হস্তান্তর
নিউজ ডেস্ক
২৩ ডিসেম্বর ২০২৫

সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ এবং তার পরিবারের নামে থাকা চারটি ফ্ল্যাটে রক্ষিত বাজেয়াপ্ত মালামাল প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে হস্তান্তর করা হয়েছে। দুদক জানায়, আদালতের নির্দেশনার ভিত্তিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

দুদক সূত্রে জানা যায়, গুলশানে থাকা বিলাসবহুল ডুপ্লেক্স ফ্ল্যাট থেকে ১৯টি ফ্রিজ, প্রায় ১০০টি এসি, আধুনিক আসবাবপত্র, ইলেকট্রনিক সামগ্রী এবং ব্যক্তিগত জিনিসপত্রসহ ৭৯২ ধরনের মালামাল ত্রাণ তহবিলে হস্তান্তর করা হয়েছে। ব্যবহারযোগ্য ও অব্যবহৃত মালামাল ছাড়াও পচনশীল বা ক্ষয়প্রাপ্ত জিনিসপত্র আদালতের নির্দেশ অনুযায়ী সংরক্ষণ করা হয়েছে।

দুদক ২০২৪ সালের ১৫ ডিসেম্বর বেনজীর আহমেদ, তার স্ত্রী ও দুই কন্যার বিরুদ্ধে চারটি মামলা করে। মামলায় অভিযোগ করা হয়, বেনজীর পরিবার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপন করেছে। তদন্তে দেখা যায়, পরিবারের নামে রয়েছে ৬৯৭ বিঘা জমি, ১৯টি কোম্পানির শেয়ার, ঢাকায় ১২টি ফ্ল্যাট, ৩০ লাখ টাকার সঞ্চয়পত্র, ৩৩টি ব্যাংক হিসাব ও তিনটি বিও হিসাব।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

২০২৪ সালের মে মাসে আদালতের আদেশে বেনজীর পরিবারের ৮৩টি জমির দলিল, ৩৩টি ব্যাংক হিসাব, ১১৯টি জমির দলিল, ২৩টি কোম্পানির শেয়ার এবং গুলশানের চারটি ফ্ল্যাট জব্দ করা হয়। সব মিলিয়ে ৬২৭ বিঘা জমি ক্রোক করা হয়েছে।

বেনজীর আহমেদ ২০২০ থেকে ২০২২ সালের মধ্যে পুলিশের আইজিপি ছিলেন। এর আগে তিনি ঢাকা মহানগর পুলিশ কমিশনার এবং র‌্যাবের মহাপরিচালকের দায়িত্বও পালন করেছেন। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ২০২১ সালে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতায় ছিলেন বেনজীরসহ র‌্যাবের সাত কর্মকর্তা।