হাদির হত্যাকারীদের দুই সহযোগী ভারতে গ্রেফতার
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডে সরাসরি জড়িত দুই সহায়তাকারীকে ভারতের মেঘালয় পুলিশ গ্রেফতার করেছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। একই সঙ্গে এই হত্যার সঙ্গে যুক্ত মূল আসামিরা যে ভারতে পালিয়ে গেছে—তা প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে স্বীকার করেছে ডিএমপি।
রোববার (২৮ ডিসেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) এস এন মো. নজরুল ইসলাম।
তিনি বলেন, হাদি হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে দেশ-বিদেশে সমন্বিতভাবে কাজ চলছে। ইতোমধ্যে হত্যার ঘটনায় সহায়তাকারী দুই ব্যক্তিকে ভারতের মেঘালয় রাজ্যে আটক করা হয়েছে এবং তাদের বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
এর আগে, শনিবার (২৭ ডিসেম্বর) রাতে রাজধানীর শাহবাগে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচিতে গিয়ে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেন, এই হত্যাকাণ্ড একটি রহস্যজনক ও পরিকল্পিত ঘটনা। এর সঙ্গে একাধিক ব্যক্তি জড়িত রয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ডিএমপি কমিশনার আরও জানান, এ পর্যন্ত মামলার সঙ্গে সংশ্লিষ্ট ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। হত্যার পেছনে যারা জড়িত—সহযোগী থেকে শুরু করে মূল পরিকল্পনাকারী পর্যন্ত—সবার নাম-ঠিকানা জনসম্মুখে প্রকাশ করা হবে।
তিনি বলেন, হত্যাকাণ্ডে ব্যবহৃত দুটি পিস্তল উদ্ধার করে সেগুলো বৈজ্ঞানিক পরীক্ষার জন্য সিআইডিতে পাঠানো হয়েছে। পাশাপাশি ঘটনার সময় ব্যবহৃত মোটরসাইকেলও ডিবি পুলিশ উদ্ধার করেছে।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগর এলাকায় প্রকাশ্য দিবালোকে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করে দুর্বৃত্তরা। পরে গুরুতর আহত অবস্থায় তাকে সিঙ্গাপুরে নেওয়া হলে ১৮ ডিসেম্বর সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এই হত্যাকাণ্ডের পর দেশজুড়ে ব্যাপক ক্ষোভ ও প্রতিবাদের সৃষ্টি হয়।


