নির্বাচনকে ঘিরে অবৈধ অস্ত্র ঢুকছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

জাতীয়
নির্বাচনকে ঘিরে অবৈধ অস্ত্র ঢুকছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
নিউজ ডেস্ক
২৯ ডিসেম্বর ২০২৫

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমান্ত দিয়ে দেশে অবৈধ অস্ত্র প্রবেশের ঘটনা ঘটছে বলে স্বীকার করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তবে তিনি জানান, এসব অস্ত্র নিয়মিতভাবে উদ্ধারও করা হচ্ছে।

সোমবার (২৯ ডিসেম্বর) পিলখানায় বিজিবি সদর দপ্তরে বিজিবি দিবস-২০২৫ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “দু-চারটি অস্ত্র যে ঢুকছে না, তা বলবো না। ঢুকছে, তবে প্রতিদিন এক-দুটি করে ধরা হচ্ছে। কোথাও কোনো ধরনের ছাড় দেওয়া হচ্ছে না।”

হাদি হত্যাকাণ্ডে আসামি গ্রেপ্তারের বিষয়ে মেঘালয় পুলিশ ও ডিএমপির ভিন্ন বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, ডিবি এ বিষয়ে একটি বিবৃতি দিয়েছে, সেটি দেখলেই বিষয়টি পরিষ্কার হবে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান, জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা জোরদারে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। নির্বাচনকালীন সময়ে প্রায় ৩৫ হাজার বিজিবি সদস্য মোতায়েন থাকবে।

সম্প্রতি কেরানীগঞ্জে একটি মাদরাসায় বিস্ফোরণের ঘটনায় তিনি বলেন, মূল অভিযুক্ত পলাতক থাকলেও তার একজন সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে এবং পলাতক ব্যক্তিকে ধরতে অভিযান চলছে।

বোমা হামলা ও নাশকতার ঘটনা সুষ্ঠু নির্বাচনে প্রভাব ফেলবে কি না—এমন প্রশ্নে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কিছু গোষ্ঠী সবসময় বাধা দেওয়ার চেষ্টা করবে। তবে সবার সহযোগিতা থাকলে নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর হবে। তিনি দাবি করেন, বর্তমানে নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই।

এর আগে বিজিবি দিবস উপলক্ষে সকালে পিলখানার শহীদ শাকিল আহমেদ হলে কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ ৭২ জন বিজিবি সদস্যকে বিভিন্ন পদক প্রদান করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। পরে তিনি খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের সংবর্ধনা দেন এবং ভবিষ্যতেও তাদের পাশে থাকার আশ্বাস দেন।

অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি এবং বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী উপস্থিত ছিলেন।