খালেদা জিয়ার মৃত্যুতে সৌদি বাদশাহ ও যুবরাজের গভীর শোক
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর সংবাদে সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ এবং যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান বিন আবদুল আজিজ আল সৌদ গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।
বৃহস্পতিবার সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে পাঠানো বার্তায় এই শোক জানানো হয়। বাদশাহ তার বার্তায় বলেন, “বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর সংবাদ আমরা গভীর দুঃখের সঙ্গে গ্রহণ করেছি। এই শোকের সময়ে আমরা আপনাদের এবং মরহুমার পরিবারকে গভীর সমবেদনা জানাই। আমরা মহান আল্লাহর কাছে প্রার্থনা করি, তিনি খালেদা জিয়াকে রহমত ও ক্ষমার আচ্ছাদনে রাখুন এবং জান্নাতে উচ্চস্থান দান করুন।”
যুবরাজ মোহাম্মদ বিন সালমানও তার বার্তায় খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, “এই দুঃখজনক সময়ে আমরা আপনাদের ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাই। মহান আল্লাহ মরহুমাকে রহমত ও ক্ষমার চাদরে আবৃত রাখুন এবং আপনাদের সব ধরনের ক্ষতি থেকে রক্ষা করুন।”
উল্লেখ্য, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। রাজনীতিতে ‘আপসহীন নেত্রী’ হিসেবে পরিচিত তার মৃত্যুতে আন্তর্জাতিক অঙ্গনেও শোকের ছায়া নেমে এসেছে। ভারত, পাকিস্তান, চীন, নেপালসহ বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, কূটনৈতিক মিশন এবং আন্তর্জাতিক সংস্থাগুলো একে একে শোকবার্তা জানিয়ে তার রাজনৈতিক জীবন ও দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের অবদানের কথা স্মরণ করেছে।


