ফয়সালের ভিডিওবার্তা যাচাই করা হচ্ছে: ডিএমপি কমিশনার
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের প্রকাশিত ভিডিওবার্তা যাচাই-বাছাই ও পরীক্ষা-নিরীক্ষার আওতায় রয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
শনিবার (৩ জানুয়ারি) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) মিলনায়তনে অনুষ্ঠিত এ-ফোর বসুন্ধরা পেপার ক্র্যাব বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড–২০২৫ অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
ডিএমপি কমিশনার বলেন, ভিডিওবার্তাটি কোথা থেকে, কীভাবে এবং কোন প্রেক্ষাপটে প্রচার হয়েছে—এসব বিষয় গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের স্বার্থে সব দিক বিবেচনায় নিয়ে যাচাই কার্যক্রম চলমান রয়েছে।
তিনি আরও জানান, মামলার তদন্তে কোনো ধরনের গাফিলতি করা হচ্ছে না এবং আইনগত প্রক্রিয়া অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, শহীদ শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের পর মূল আসামি ফয়সালের একটি ভিডিওবার্তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নতুন করে আলোচনায় আসে।


