চালের দাম বাড়ার আশঙ্কা নেই: খাদ্য উপদেষ্টা
দেশে বর্তমানে সরকারি খাদ্যশস্যের মজুদ সর্বোচ্চ পর্যায়ে রয়েছে বলে জানিয়েছে সরকার। এ অবস্থায় আপাতত চালের দাম বাড়ার কোনো সম্ভাবনা দেখছেন না সংশ্লিষ্টরা।
রোববার (৪ জানুয়ারি) খাদ্য মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এক ব্রিফিংয়ে খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার এসব কথা জানান। ব্রিফিংয়ে খাদ্য সচিব ফিরোজ সরকারসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
খাদ্য উপদেষ্টা বলেন, গত বছর সরকার গঠন প্রক্রিয়া ও প্রাকৃতিক দুর্যোগের কারণে চালের বাজারে অস্থিরতা দেখা দিয়েছিল। তবে চলতি বছরে খাদ্যশস্যের মজুদ অতীতের যেকোনো সময়ের তুলনায় বেশি। ফলে চালের দাম বাড়ার আশঙ্কা নেই।
তিনি জানান, বর্তমানে সরকারি গুদামে ২০ লাখ ২৭ হাজার টন খাদ্যশস্য মজুদ রয়েছে। প্রয়োজনে এই মজুদ ২৪ লাখ টন পর্যন্ত বাড়ানোর সক্ষমতাও সরকারের আছে। পাশাপাশি আগামী বোরো মৌসুমে ব্যাপক হারে ধান ও চাল সংগ্রহ করা হবে বলেও জানান তিনি।
খাদ্য উপদেষ্টা আরও বলেন, চলতি আমন মৌসুমে ধান সংগ্রহ সন্তোষজনক হয়েছে এবং গত পাঁচ বছরের তুলনায় এ বছর খাদ্যশস্যের মজুদ সবচেয়ে বেশি।
ভারত থেকে চাল আমদানির বিষয়ে আলী ইমাম মজুমদার বলেন, দেশটি থেকে চাল আমদানি স্বাভাবিক প্রক্রিয়াতেই হচ্ছে। এ ক্ষেত্রে কোনো রাজনৈতিক বিষয় জড়িত নয় এবং সরকার বিষয়টিকে পুরোপুরি বাণিজ্যিক দৃষ্টিকোণ থেকে দেখছে।


