খুলনায় সবজির দাম বেড়েছে

খুলনায় সবজির দাম বেড়েছে
নিউজ ডেস্ক
৪ জানুয়ারি ২০২৬

খুলনার বিভিন্ন বাজারে শীতকালীন সবজির দাম কেজিতে ৫-১০ টাকা বৃদ্ধি পেয়েছে। শনিবার (৪ ডিসেম্বর) সকাল থেকে নতুন বাজার, রূপসা বাজার ও মিস্ত্রিপাড়া বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

বাজারে দাম অনুযায়ী, পালংশাক ৩০ টাকা, ফুলকপি ৪০ টাকা, লাউ ৪০ টাকা প্রতি পিস, কুমড়া ৪০ টাকা, ঢ্যাঁড়স ৪০-৫০ টাকা, শিম ৪০ টাকা, কাঁচামরিচ ৮০-১০০ টাকা এবং টমেটো ৮০-১০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। অন্যদিকে পেঁয়াজ ও রসুন কেজিতে ৭০-৮০ টাকা এবং আলু ২০-২৫ টাকায় বিক্রি হচ্ছে।

মাংস ও মাছের বাজারে তুলনামূলক স্থিতিশীলতা দেখা যাচ্ছে। ব্রয়লার মুরগি ১৫০-১৬০ টাকা, সোনালি মুরগি ২৩০ টাকা ও লেয়ার মুরগি ২২০-২৩৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। গরুর মাংস ৭৫০ টাকা এবং খাসির মাংস ১১০০ টাকা কেজি দরে কেনাবেচা হচ্ছে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

মাছের বাজারেও বেশিরভাগ জেলের মাছের দাম অপরিবর্তিত রয়েছে। রুই মাছ ২২০-২৫০ টাকা, ভেটকি ৫০০-৬০০ টাকা, চিংড়ি ৫০০-৮০০ টাকা, তেলাপিয়া ১৩০-১৬০ টাকা, পাবদা ৩০০-৩৫০ টাকা এবং পাঙাশ ১৬০-১৮০ টাকায় বিক্রি হচ্ছে। কাতল মাছের দাম ২৪০-২৫০ টাকা এবং ছোট মাছের দাম ৩০০-৪০০ টাকা পর্যন্ত।

বাজারের খুচরা সবজি ব্যবসায়ীরা বলছেন, সবজি সরবরাহে কিছুটা কম দেখা গেলেও বাজারে সংকট নেই। পরিবহন খরচ বৃদ্ধি পাওয়ায় দাম কিছুটা বেড়েছে।

সবজি বিক্রেতা আবেদুল গাজী বলেন, “৩০-৪০ টাকার মধ্যে সবজি থাকা স্বাভাবিক। তবে বাজারে এতদামের মধ্যে ২০-২৫ টাকায় সবজি পাওয়া দুষ্কর। কৃষকরা লাভ কম পাচ্ছেন, এবং খুচরা বিক্রিতে দিনে ৪০০-৫০০ টাকার মতো মুনাফা করা কষ্টসাধ্য হয়ে গেছে।”

নতুন বাজারের ক্রেতা সাগর শেখ জানান, “এই সপ্তাহে সবজির দাম কেজিতে ৫-১০ টাকা বেড়েছে, অন্য পণ্যের দাম প্রায় অপরিবর্তিত।” আরেক ক্রেতা তৌহিদুল শেখ বলেন, “গত সপ্তাহে ২০-২৫ টাকায় অনেক সবজি পাওয়া গেছে, কিন্তু এ সপ্তাহে দাম বেড়ে গেছে।”