মনোনয়নপত্র যাচাই নিয়ে রিটার্নিং অফিসারদের কর্মকাণ্ডে জামায়াতের উদ্বেগ
আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে কিছু রিটার্নিং অফিসারের কর্মকাণ্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
রোববার (৪ জানুয়ারি) দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে বলেন, সারাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বিভিন্ন আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাই চলছে। তবে এই প্রক্রিয়ায় কিছু জেলার রিটার্নিং অফিসারের আচরণ ভিন্ন এবং অনিয়মযুক্ত চিত্র প্রদর্শন করছে।
তিনি আরও বলেন, “কিছু ক্ষেত্রে তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। যেখানে রিটার্নিং অফিসার ব্যক্তিগত এখতিয়ারে বা বিচারে ছাড় দিতে পারতেন, সেখানে কঠোর নীতি প্রয়োগ করা হয়েছে। প্রদত্ত তথ্যপ্রমাণ ও কাগজপত্র থাকলেও অনেক যোগ্য প্রার্থীর প্রার্থিতা অযৌক্তিকভাবে বাতিল করা হয়েছে।”
মিয়া গোলাম পরওয়ার জানান, “অপ্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ নয় এমন বিষয় ধরে প্রার্থিতা বাতিল করা হয়েছে। এর পেছনে কোনো মহলের প্রভাব থাকার সম্ভাবনা আমাদের কাছে প্রতীয়মান হচ্ছে।”
তিনি দেশের মানুষকে প্রশ্ন তুলেছেন, এভাবে চললে জাতীয় সংসদ নির্বাচন কতটা অবাধ, নিরপেক্ষ ও স্বচ্ছ হবে। এ প্রসঙ্গে তিনি প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) প্রতি আহ্বান জানিয়ে বলেন, রিটার্নিং অফিসাররা যেন তুচ্ছ অজুহাতে প্রার্থীদের মনোনয়ন বাতিল না করেন এবং ইতিমধ্যে বাতিল হওয়া প্রার্থীদের অবিলম্বে বৈধ ঘোষণা করা হোক।
শেষে জামায়াত নেতা বলেন, “সব প্রার্থীর জন্য সমান সুযোগ-সুবিধা নিশ্চিত করতে নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারদের যথাযথ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছি।”


