বৃদ্ধ বয়সেও নিয়মিত চিনাবাদাম খাওয়ায় মিলবে যে উপকার

স্বাস্থ্য
বৃদ্ধ বয়সেও নিয়মিত চিনাবাদাম খাওয়ায় মিলবে যে উপকার
২ নভেম্বর ২০২৬

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে স্মৃতিশক্তি ও মস্তিষ্কের কার্যক্ষমতা কমে যাওয়ার ঝুঁকি থাকে। তবে নিয়মিত চিনাবাদাম খেলে মস্তিষ্কের নির্দিষ্ট কিছু অঞ্চলে ইনসুলিনের প্রতি সাড়া দেওয়ার ক্ষমতা উন্নত হতে পারে। এর ফলে স্মৃতিসংশ্লিষ্ট কার্যক্রমে ইতিবাচক প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে বলে নতুন এক গবেষণায় উঠে এসেছে।

গবেষণাটি প্রকাশিত হয়েছে ফুড অ্যান্ড ফাংশন সাময়িকীতে। নেদারল্যান্ডসের মাস্ট্রিখট বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের গবেষকেরা ৬০ থেকে ৭৫ বছর বয়সী ৩১ জন সুস্থ মানুষের ওপর এ গবেষণা পরিচালনা করেন।

গবেষণায় অংশগ্রহণকারীরা টানা ১৬ সপ্তাহ প্রতিদিন ৬০ গ্রাম করে খোসাসহ লবণবিহীন ভাজা চিনাবাদাম খান। এরপর চিনাবাদাম না খাওয়ার আরেকটি সময়কালের ফলাফলের সঙ্গে তাঁদের শারীরিক পরিবর্তন তুলনা করা হয়।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

গবেষকেরা দেখতে পান, চিনাবাদাম খাওয়ার পর মস্তিষ্কের ডান পাশের কয়েকটি অঞ্চলে ইনসুলিনের প্রতি সাড়া দেওয়ার ক্ষমতা উন্নত হয়েছে। এসব অঞ্চলের মধ্যে রয়েছে হিপোক্যাম্পাস, প্যারাহিপোক্যাম্পাল গাইরাস, লিঙ্গুয়াল গাইরাস ও পোস্টেরিয়র সিঙ্গুলেট গাইরাস। মস্তিষ্কের এই অংশগুলো স্মৃতি সংরক্ষণ ও বিভিন্ন জ্ঞানীয় কার্যক্রমের সঙ্গে যুক্ত।

গবেষণায় অংশগ্রহণকারীদের নাকের মাধ্যমে ইনসুলিন প্রয়োগ করা হয়। এরপর এমআরআই প্রযুক্তির সাহায্যে মস্তিষ্কের বিভিন্ন অঞ্চলে রক্তপ্রবাহের পরিবর্তন পর্যবেক্ষণ করেন গবেষকেরা।

আগের গবেষণাতেও মিলেছিল ইতিবাচক ফল

এর আগে একই গবেষক দলের ২০২৫ সালে ক্লিনিক্যাল নিউট্রিশন সাময়িকীতে প্রকাশিত আরেক গবেষণায় দেখা যায়, টানা ১৬ সপ্তাহ চিনাবাদাম খাওয়ার পর অংশগ্রহণকারীদের মস্তিষ্কে মোট রক্তপ্রবাহ ৩ দশমিক ৬ শতাংশ এবং মৌখিক স্মৃতিশক্তি ৫ দশমিক ৮ শতাংশ বেড়েছিল।

গবেষকদের মতে, চিনাবাদামে থাকা অসম্পৃক্ত চর্বি, আঁশ, ভিটামিন, খনিজ, উদ্ভিজ্জ প্রোটিন ও এল-আর্জিনিন এর সম্ভাব্য উপকারে ভূমিকা রাখতে পারে। এল-আর্জিনিন শরীরে নাইট্রিক অক্সাইড তৈরিতে সহায়তা করে, যা রক্তনালির কার্যক্রম নিয়ন্ত্রণে ভূমিকা রাখে।

ডিমেনশিয়া প্রতিরোধের প্রমাণ নয়

তবে গবেষকেরা সতর্ক করেছেন, চিনাবাদাম খেলে আলঝেইমার বা ডিমেনশিয়া প্রতিরোধ হয়—এমন প্রমাণ এখনো পাওয়া যায়নি। মাত্র ৩১ জনের ওপর পরিচালিত এ গবেষণার ফল নিশ্চিত করতে আরও বড় পরিসরে এবং দীর্ঘ সময় ধরে গবেষণা প্রয়োজন।

গবেষণার ফল থেকে ধারণা পাওয়া যায়, চিনাবাদাম মস্তিষ্কের কিছু কার্যক্রম ও স্মৃতিসংশ্লিষ্ট প্রক্রিয়ায় ইতিবাচক ভূমিকা রাখতে পারে। তবে একে স্মৃতিভ্রংশ বা ডিমেনশিয়া প্রতিরোধের নিশ্চিত উপায় হিসেবে দেখার সুযোগ নেই।