তারেক রহমানের বাসভবনের সামনে সন্দেহভাজন দুই ব্যক্তি আটক

রাজনীতি
তারেক রহমানের বাসভবনের সামনে সন্দেহভাজন দুই ব্যক্তি আটক
নিউজ ডেস্ক
৪ জানুয়ারি ২০২৬

রাজধানীর গুলশানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১৯৬ নম্বর বাসভবন এলাকায় সন্দেহজনক কর্মকাণ্ডের অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ ও সিএসএফ সদস্যরা।

রোববার (৪ জানুয়ারি) বিকেলে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, সকাল আনুমানিক ১০টা ৫০ মিনিটে মো. রুহুল আমিন (৪৬) নামে এক ব্যক্তিকে তারেক রহমানের বাসভবন ও আশপাশে থাকা গাড়ির বিভিন্ন দিক থেকে ছবি তুলতে দেখা যায়। তার চলাফেরা সন্দেহজনক মনে হওয়ায় পুলিশ ও সিএসএফ সদস্যরা তাকে জিজ্ঞাসাবাদ করেন।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সন্তোষজনক ব্যাখ্যা দিতে না পারায় রুহুল আমিনকে আটক করা হয়। তার বাড়ি চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলায় বলে জানিয়েছে পুলিশ।

এর কিছু সময় পর, বেলা প্রায় ১১টা ১৫ মিনিটে একই বাসভবনের সামনে থেকে মো. ওমর ফারুক নামের আরেক ব্যক্তিকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। তল্লাশির সময় তার কাছ থেকে দুই পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়েছে। তাৎক্ষণিকভাবে আটক ব্যক্তির বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।