দেশে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ এখনো তৈরি হয়নি : জামায়াত
দেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের উপযোগী পরিবেশ এখনো তৈরি হয়নি বলে মন্তব্য করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ। দলটির দাবি, প্রশাসনের ভেতরে কিছু সরকারি কর্মকর্তা একটি বিশেষ রাজনৈতিক দলের পক্ষে কাজ করছেন—এমন অভিযোগ বিভিন্ন এলাকা থেকে পাওয়া যাচ্ছে।
সোমবার (৫ জানুয়ারি) রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত নির্বাহী পরিষদের বৈঠকে এসব উদ্বেগের কথা তুলে ধরা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন দলের আমির ডা. শফিকুর রহমান।
বৈঠকে নায়েবে আমির, সেক্রেটারি জেনারেল, সহকারী সেক্রেটারি জেনারেলসহ কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন। আলোচনায় আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করা হয়।
জামায়াতের পক্ষ থেকে বলা হয়, দেশের বিভিন্ন স্থানে এখনও প্রকাশ্য দিবালোকে রাজনৈতিক নেতা-কর্মীদের হত্যার ঘটনা ঘটছে, যা নির্বাচনী পরিবেশের জন্য গভীর উদ্বেগজনক। এসব পরিস্থিতিতে জনগণের ভোটাধিকার সুরক্ষিত করা কঠিন হয়ে পড়ছে বলে বৈঠকে অভিমত দেওয়া হয়।
বৈঠকে আরও বলা হয়, দীর্ঘ ১৬ বছরের আন্দোলন-সংগ্রাম ও বিপুল ত্যাগের মাধ্যমে অর্জিত নতুন বাংলাদেশকে কোনো ষড়যন্ত্র বা গোষ্ঠীর হাতে জিম্মি হতে দেওয়া যাবে না। এ জন্য নির্বাচন কমিশন, নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ নিরপেক্ষতা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়।
অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসনের নিরপেক্ষতা শতভাগ নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নয়নে কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য নির্বাচন কমিশন ও সরকারের কাছে জোর দাবি জানিয়েছে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ।


