এনসিপির যেসব ইউনিটের দায়িত্বে আসিফ মাহমুদ

রাজনীতি
এনসিপির যেসব ইউনিটের দায়িত্বে আসিফ মাহমুদ
নিউজ ডেস্ক
৬ জানুয়ারি ২০২৬

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র হিসেবে দায়িত্ব গ্রহণের পর আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার কার্যপরিধি ও আওতাভুক্ত সাংগঠনিক ইউনিট নির্ধারণ করে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দলটি।

মঙ্গলবার (৬ জানুয়ারি) এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের স্বাক্ষরে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ২৯ ডিসেম্বর আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আনুষ্ঠানিকভাবে দলের মুখপাত্রের দায়িত্ব গ্রহণ করেন। পরবর্তীতে তাকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গঠিত কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান হিসেবেও দায়িত্ব দেওয়া হয়েছে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

দলীয় সিদ্ধান্ত অনুযায়ী, মুখপাত্র হিসেবে তার দায়িত্বের আওতায় থাকবে মিডিয়া সেল, প্রচার ও প্রকাশনা সেল, ব্র্যান্ডিং সেল, দপ্তর সেল, জনসংযোগ ও সদস্য সংগ্রহ সেল এবং রিসার্চ ও পলিসি সেল। পাশাপাশি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ ইউনিটসহ সংশ্লিষ্ট সাংগঠনিক ইউনিটগুলোর তদারকির দায়িত্বও তার ওপর ন্যস্ত করা হয়েছে।

এনসিপির পক্ষ থেকে জানানো হয়েছে, দলের সাংগঠনিক কার্যক্রম ও নির্বাচনী প্রস্তুতি জোরদার করতেই দায়িত্ব বণ্টনের এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।