পুঁজিবাজারে গতি ফেরাতে ১০ প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসছেন অর্থ উপদেষ্টা

পুঁজিবাজারে গতি ফেরাতে ১০ প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসছেন অর্থ উপদেষ্টা
নিউজ ডেস্ক
৭ জানুয়ারি ২০২৬

দেশের পুঁজিবাজারে গতি ফেরাতে লাভজনক রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান এবং সরকারের শেয়ার থাকা বহুজাতিক কোম্পানিগুলোকে তালিকাভুক্ত করার উদ্যোগ নিয়েছে সরকার। প্রাথমিকভাবে ১০টি কোম্পানিকে পুঁজিবাজারে আনার পরিকল্পনা করা হয়েছে। এ বিষয়ে আলোচনা করতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

বুধবার (৭ জানুয়ারি) বিকেল ৩টায় অর্থ মন্ত্রণালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে কর্ণফুলি গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, কর্ণফুলি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো), নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড, পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেড, সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডসহ একাধিক রাষ্ট্রায়ত্ত ও বহুজাতিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীদের।

বৈঠকে উপস্থিত থাকার কথা রয়েছে বাণিজ্য উপদেষ্টা, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা, শিল্প উপদেষ্টা এবং অর্থ মন্ত্রণালয় সংশ্লিষ্ট প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর। পাশাপাশি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান, ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) চেয়ারম্যান, বিদ্যুৎ, জ্বালানি, শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের সচিবরাও বৈঠকে অংশ নেবেন।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

সংশ্লিষ্ট সূত্র জানায়, বৈঠকে আইসিবির মাধ্যমে এসব কোম্পানিকে শেয়ারবাজারে শেয়ার ছাড়ার প্রস্তাব দেওয়া হবে। একই সঙ্গে তালিকাভুক্তির ক্ষেত্রে প্রতিষ্ঠানগুলোর কী ধরনের সহযোগিতা প্রয়োজন, সে বিষয়েও মতামত নেওয়া হবে।

জানা গেছে, নির্বাচিত ১০টি প্রতিষ্ঠানের মধ্যে কয়েকটি সম্পূর্ণ রাষ্ট্রায়ত্ত এবং কয়েকটি বহুজাতিক কোম্পানি, যেখানে সরকারের আংশিক শেয়ার রয়েছে। সরকার এসব কোম্পানিকে দ্রুত পুঁজিবাজারে আনতে আগ্রহী।

অর্থ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, সরকারের লক্ষ্য হলো শক্তিশালী ও লাভজনক কোম্পানিগুলোকে তালিকাভুক্ত করে শেয়ারবাজারের আস্থা ও তারল্য বাড়ানো।

উল্লেখ্য, এর আগে গত বছরের ১১ মে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে যমুনায় পুঁজিবাজারের সার্বিক অবস্থা ও উন্নয়ন পরিকল্পনা নিয়ে একটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে প্রধান উপদেষ্টা পুঁজিবাজার উন্নয়নে একাধিক নির্দেশনা দেন। এর ধারাবাহিকতায় বিএসইসি ও সংশ্লিষ্ট সংস্থাগুলো বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নে কাজ করে যাচ্ছে।