ফুটবল প্রতীকে নির্বাচন করতে চান তাসনিম জারা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফুটবল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহ প্রকাশ করেছেন ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা।
শনিবার (১০ জানুয়ারি) নির্বাচন কমিশনে অনুষ্ঠিত আপিল শুনানি শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। এদিন শুনানি শেষে নির্বাচন কমিশন (ইসি) তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে।
ডা. তাসনিম জারা বলেন, তার মনোনয়ন বাতিলের বিরুদ্ধে করা আপিল গ্রহণ করা হয়েছে এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে তার প্রার্থিতা বৈধতা পেয়েছে। তিনি বলেন, “গত এক সপ্তাহ আমার জন্য ভিন্নরকম অভিজ্ঞতা ছিল। দেশে ও দেশের বাইরে অনেক মানুষ শুভকামনা ও দোয়া করেছেন। পথে মানুষের সঙ্গে কথা বলতে গিয়ে তাদের হতাশা ও কষ্টের কথাও শুনেছি।”
সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, জনসমর্থন নিয়েই আগামী নির্বাচনে লড়াই করবেন। মনোনয়ন বৈধ হওয়ায় এখন প্রতীক বরাদ্দের জন্য আবেদন করার সুযোগ পাচ্ছেন উল্লেখ করে তিনি বলেন, “আমাদের পছন্দ ফুটবল প্রতীক। সেটির জন্য আবেদন করবো, চূড়ান্ত সিদ্ধান্ত নির্বাচন কমিশনের।”
এর আগে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করা ডা. তাসনিম জারা ঢাকা-৯ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেন। তবে গত ৩ জানুয়ারি ঢাকা জেলা রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়ন বাতিল ঘোষণা করেন। পরে ওই সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি নির্বাচন কমিশনে আপিল করেন।


