‘গণতন্ত্র’ বেগম খালেদা জিয়ার উপহার : আমীর খসরু
বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনের প্রার্থী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বেগম খালেদা জিয়া আমাদের গণতন্ত্র উপহার দিয়ে গেছেন। এটি রক্ষা করার পাশাপাশি দেশের সকল মানুষের অধিকার ও বিশেষ করে মহিলাদের অধিকারও নিশ্চিত করতে হবে।
শনিবার (১০ জানুয়ারি) বিকেলে নগরীর আগ্রাবাদ সিডিএ বালুর মাঠে দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
প্রধান অতিথির বক্তব্যে আমীর খসরু বলেন, বেগম খালেদা জিয়া জীবনের বড় অংশ জনগণের অধিকার আদায়ের জন্য আন্দোলন-সংগ্রামে নিয়োজিত ছিলেন। ক্ষমতায় তিনি ছিলেন মাত্র ২৫ ভাগ সময়, বাকি ৭৫ ভাগ সময় আন্দোলন, সংগ্রাম ও জেলে কাটিয়েছেন, কিন্তু কখনো আপোষ করেননি।
তিনি আরও বলেন, অতীতের স্বৈরাচার শাসন এবং ওয়ান-ইলেভনের সময় অনেকেই আপোষ করেছিলেন, কিন্তু বেগম খালেদা জিয়া কখনো আপস করেননি। সেই আপোষহীনতা থেকে শেখা শিক্ষা আজও আমাদের পথপ্রদর্শক।
সভায় দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ড বিএনপির আহ্বায়ক কামাল সরদার সভাপতিত্ব করেন এবং সদস্যসচিব মো. মোস্তফা সঞ্চালনা করেন। মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এসএম সাইফুল আলম, সদস্য অ্যাডভোকেট মফিজুল হক ভূঁইয়া, নেতারা মো. সেকান্দর, হাজী হোসেন, ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মঞ্জুর মিয়া সহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।


